বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় সাতক্ষীরা বিজিবি

সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াত ও অনুপ্রবেশ প্রতিরোধে টহল, গোয়েন্দা নজরদারি এবং তল্লাশি কার্যক্রম জোরদার করেছে সাতক্ষীরা ৩৩ বিজিবি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ব্যাটালিয়নের সব সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সাতক্ষীরা বিজিবি।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় পর্যাপ্ত জনবল বাড়িয়ে টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি দিন-রাত সীমান্তবর্তী এলাকায় মোবাইল পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে, যাতে সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াত কিংবা প্রতিপক্ষের অবৈধ অনুপ্রবেশ ঠেকানো যায়।

এ ছাড়া গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।

সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, সীমান্তবর্তী অন্ধকারাচ্ছন্ন এলাকায় সার্চলাইট ও থার্মাল ড্রোন ব্যবহার করে টহল পরিচালনা করা হচ্ছে। এ কাজে স্থানীয় জনগণকেও সম্পৃক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সীমান্তের বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) থেকে শুরু করে ব্যাটালিয়নের সব জনবলকে প্রস্তুত রাখা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন