ইসরায়েলের সামরিক অভিযানে ভারী ধাতু, বিস্ফোরকের অবশিষ্টাংশ, অ্যাসবেস্টস ও পয়োবর্জ্যে দূষিত হয়েছে বাতাস, মাটি ও পানি; পরিবেশ পুনরুদ্ধারে জরুরি পদক্ষেপের আহ্বান অক্সফাম ও সিইওবিএসের
ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় ভয়াবহ পরিবেশগত বিপর্যয় তৈরি হয়েছে। বিষাক্ত পানি, দূষিত মাটি ও বাতাসের কারণে ফিলিস্তিনিদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পরিবেশ ও জীবনধারণের ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। অক্সফাম ও কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরির (সিইওবিএস) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক হামলায় পুরো গাজাজুড়ে ব্যাপক দূষণ ছড়িয়েছে। ধ্বংস হওয়া ভবনের ভারী ধাতু, বিস্ফোরকের অবশিষ্টাংশ, অ্যাসবেস্টস ও পয়োনিষ্কাশনের বর্জ্য বাতাস, মাটি ও পানিকে দূষিত করেছে। এসব উপাদান আগামী কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের জন্য বিপজ্জনক হয়ে থাকতে পারে।
পরিবেশের ওপরও সামরিক হামলার অভিযোগ
অক্সফাম ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক অমিতাভ বেহার বলেন, ‘গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার অংশ হিসেবে পরিবেশের ওপরও সামরিক হামলা চালানো হচ্ছে। এসব হামলা পরিবেশবিষয়ক যুদ্ধাপরাধ, যা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জীবনকে হুমকির মুখে ফেলছে।’
তিনি বলেন, গাজার ধ্বংসযজ্ঞ ও দূষণ মানুষের নিরাপত্তা এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পরিবেশগত পরিস্থিতিকে মৌলিকভাবে বিপর্যস্ত করেছে। এটি আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকার আইনের অধীনে ইসরায়েলের আইনি বাধ্যবাধকতার লঙ্ঘন।
অমিতাভ বেহার আরও বলেন, গাজায় বসবাসরত ফিলিস্তিনিরা বাতাস, খাবার, পানি এবং দূষিত মাটি ও ধ্বংসস্তূপের সরাসরি সংস্পর্শের মাধ্যমে বিষাক্ত পদার্থের ঝুঁকিতে রয়েছেন। দূষণ পরিষ্কার, পরিবেশ পুনরুদ্ধার ও পুনর্বাসনের উদ্যোগকে অগ্রাধিকার দেওয়া না হলে আগামী প্রজন্মের পর প্রজন্ম এসব ঝুঁকি থেকে যাবে।
গাজা সিটিতে আবর্জনায় ভরা পয়োবর্জ্যের পাশে বসবাস করছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। পয়োনিষ্কাশনব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় দূষণ থেকে সুরক্ষার সুযোগ কমে গেছে তাঁদের।
২০২৫ সালে এবং চলতি বছরের শুরুর দিকে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন জানায়, গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির কর্মকর্তারা এতে উসকানি দিয়েছেন।
তবে জেনেভায় ইসরায়েলের মিশন কমিশনের প্রতিবেদনকে ‘মানহানিকর ভাঁওতাবাজি’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। এদিকে, যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
বিষাক্ত বর্জ্যভূমিতে পরিণত হচ্ছে গাজা
অক্সফামের প্রতিবেদনটিতে ইসরায়েলের সামরিক হামলায় গাজা কীভাবে ‘বিষাক্ত বর্জ্যভূমিতে’ পরিণত হয়েছে, তার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে। হামলায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং অন্তত ১ লাখ ৭৫ হাজার আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনো হাজারো মানুষের খোঁজ মেলেনি।
স্যাটেলাইট চিত্র, রিমোট সেন্সিং, বৈজ্ঞানিক বিশ্লেষণ ও উন্মুক্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় দূষণের মাত্রা ব্যাপক ও তীব্র। এর প্রভাব পড়ছে জনস্বাস্থ্য ও বেসামরিক মানুষের বেঁচে থাকার ওপর।
অমিতাভ বেহার বলেন, গাজার মানুষ ভয়াবহ বিষাক্ত দূষণের মধ্যে বসবাস করছেন। অবরুদ্ধ ও ঘনবসতিপূর্ণ এই ভূখণ্ডে দূষণের সংস্পর্শ এড়ানোর সুযোগ তাঁদের নেই। চারদিকে বর্জ্য ও পয়োবর্জ্য ছড়িয়ে পড়ায় ক্ষতিকর পোকামাকড়ের বিস্তার এবং রোগের ঝুঁকি বাড়ছে।
অপরিশোধিত পয়োবর্জ্য সমুদ্রে ও মাটির নিচে ছড়িয়ে পড়ছে। পয়োনিষ্কাশনব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় দূষণ থেকে সুরক্ষিত থাকার সুযোগও কমে গেছে। এতে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে শিশু ও অন্তঃসত্ত্বা নারীরা।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) হিসাব অনুযায়ী, ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় ৬ কোটি ১০ লাখ টনের বেশি ধ্বংসাবশেষ তৈরি হয়েছে। ধ্বংস হওয়া বাড়িঘর, জনপদ ও অবকাঠামো এখন সম্ভাব্য বিপজ্জনক উপাদানের বিশাল ভান্ডারে পরিণত হয়েছে।
পরিবেশ পুনরুদ্ধারে জরুরি পদক্ষেপের আহ্বান
প্রতিবেদনটির লেখক ও অক্সফামের বৈশ্বিক পানি ও পয়োনিষ্কাশন বিশেষজ্ঞ লামা আবদুল সামাদ বলেন, শহরের ধ্বংসস্তূপ, কৃষিজমি, পানির ব্যবস্থা ও মাটিতে দূষণ ছড়িয়ে পড়ায় পরিবেশগত ক্ষয়ক্ষতি মোকাবিলা করা অত্যন্ত কঠিন হবে। অবিস্ফোরিত গোলাবারুদের কারণে অনেক এলাকায় নিরাপদে প্রবেশ করাও সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি চিহ্নিত করতে এবং জরুরি পদক্ষেপ নির্ধারণে সরেজমিনে পরিবেশগত মূল্যায়নের সুযোগ দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানানো প্রয়োজন। বিস্ফোরকের অবশিষ্টাংশ, জৈব দূষক ও ভারী ধাতু অপসারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিষ্কার, পর্যবেক্ষণ ও বিশেষায়িত পুনরুদ্ধার কার্যক্রম চালাতে হবে।
অমিতাভ বেহার বলেন, গাজার পুনর্গঠনের পাশাপাশি পরিবেশ পুনরুদ্ধারেও সমান গুরুত্ব দিতে হবে। দূষণের মাত্রা নিরূপণ ও তা মোকাবিলা না করে পুনর্গঠন করা হলে আগামী প্রজন্মের পর প্রজন্ম জনস্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এ বিষয়ে মন্তব্য জানতে ইসরায়েল সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

