রবিবার, ২২ নভেম্বর ২০২৬

শিক্ষা-স্বাস্থ্য-প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে তুরস্ক যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধিদল

দ্বিপক্ষীয় সম্পর্ককে কেবল বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং জনপ্রশাসনসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক। আগামী ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এ সফরে দুই দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা রয়েছেন।

তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার (টিকা) বাংলাদেশ কার্যালয়ের বিজ্ঞপ্তিতে শনিবার (২১ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ক জোরদার

বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরস্ক সরকারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ সফরের মূল লক্ষ্য দুই দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করা। এর মাধ্যমে বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তিগত উন্নয়ন ও সরকারি খাতের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের কর্মকর্তারা অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।

আঙ্কারায় বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে বৈঠক

সফরকালে আঙ্কারায় বাংলাদেশের প্রতিনিধিদল তুরস্কের শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য এবং শিল্প ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে।

এ ছাড়া তুরস্কের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা পরিষদ (টুবিটাক) এবং উচ্চশিক্ষা পরিষদের (ইয়োক) সঙ্গেও প্রতিনিধিদলের আলোচনা হওয়ার কথা রয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা অধিদপ্তর, প্রতিরক্ষা শিল্প অধিদপ্তর, প্রবাসী তুর্কি ও সংশ্লিষ্ট সম্প্রদায়বিষয়ক অধিদপ্তর এবং ধর্মবিষয়ক অধিদপ্তরের সঙ্গেও বৈঠক করবে প্রতিনিধিদলটি।

ইস্তাম্বুল সফর

আঙ্কারায় আনুষ্ঠানিক বৈঠক শেষে বাংলাদেশের প্রতিনিধিদল ইস্তাম্বুল সফর করবে। সেখানে শহরটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শনগুলো ঘুরে দেখার কর্মসূচি রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন