শনিবার, ২১ নভেম্বর ২০২৬

নড়াইলে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্ধশতাধিক বাড়িঘরে আগুন-ভাঙচুরের অভিযোগ

বিএনপির দুই নেতার মৃত্যুর দুদিন পর বেন্দারচর গ্রামে হামলা; ক্ষতিগ্রস্ত ২০-২৫টি বাড়ি, বলছে ফায়ার সার্ভিস

বিএনপির দুই নেতার মৃত্যুর পর এবার নড়াইলের কালিয়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে কালিয়া পৌরসভার বেন্দারচর গ্রামে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের হিসাবে, গ্রামটির অন্তত ২০ থেকে ২৫টি বাড়ির অর্ধশতাধিক বসতঘর আগুনে পুড়ে গেছে।

কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।

সড়কে গাছ ফেলে ফায়ার সার্ভিসের কাজে বাধা

হুমায়ুন কবির বলেন, শুক্রবার বিকেল ৪টার দিকে বেন্দারচর গ্রামের বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগার খবর পান তাঁরা। তবে গ্রামটিতে যাওয়ার পথে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে রাখায় বাধার মুখে পড়েন ফায়ার সার্ভিসকর্মীরা।

পরে সড়ক থেকে গাছ সরিয়ে রাত ৮টার দিকে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান। ততক্ষণে বাড়িঘরের আগুন অনেকটাই নিভে গিয়েছিল।

তিনি জানান, গ্রামটির অন্তত ২০-২৫টি বাড়ির অর্ধশতাধিক বসতঘর আগুনে পুড়ে গেছে। এ ছাড়া বড়দিয়াবাজারের বেশ কিছু দোকানেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

নড়াইল ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শওকত আলী বলেন, কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে আগুন লাগার খবর পেয়ে তাঁদের একটি ইউনিট আগুন নেভাতে যায়।

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যসহ যাঁদের বাড়িতে হামলার অভিযোগ

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্ষতিগ্রস্ত বাড়িঘরের মধ্যে নড়াইল-১ আসনের নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়ি রয়েছে। এ ছাড়া কালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম শামীমসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘরও রয়েছে।

গ্রামটিতে বাড়িঘরে আগুন জ্বলতে থাকার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

১৫-২০টি বাড়িতে ভাঙচুরের কথা জানালেন ইউএনও

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনি পুলিশের ওসিসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে ১৫-২০টি বাড়িতে ভাঙচুর এবং কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব বাড়ির মধ্যে সাবেক সংসদ সদস্যের গ্রামের বাড়িও রয়েছে।

ঘটনায় কারা জড়িত, তা পুলিশ তদন্ত করছে বলেও জানান তিনি।

এ বিষয়ে কালিয়া থানার ওসি ইদ্রিস আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জানান, এ বিষয়ে তাঁরা একটি বিবৃতি দেবেন। সেখানে বিস্তারিত জানা যাবে।

বিএনপির দুই নেতার মৃত্যুর পর উত্তেজনা

এর আগে বুধবার সন্ধ্যায় কালিয়া পৌরসভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির নেতা-কর্মীরা একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি বেন্দারচর গ্রামের বটগাছ এলাকায় পৌঁছালে হামলার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

হামলায় কালিয়া পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২), পৌর কৃষক দলের সদস্যসচিব শাহিনুর মোল্লা (৪৫) এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫) আহত হন।

পরে শাহিনুর মোল্লা ও সোহেল মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।

বিএনপি নেতা-কর্মীদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় তাঁরা নিহত হয়েছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন