শনিবার, ২১ নভেম্বর ২০২৬

জুলাই আন্দোলনে হত্যা মামলা: সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে

জুলাই আন্দোলনে মাদ্রাসাশিক্ষার্থীকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় মাদ্রাসাশিক্ষার্থী হাফেজ সাদিকুল ইসলামকে (২১) হত্যার অভিযোগে করা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উত্তরা পশ্চিম থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক হেলাল উদ্দিন বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আজ রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়।

যেভাবে হত্যা করা হয় সাদিকুলকে

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে উত্তরা ৯ নম্বর সেক্টরে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জুলাই আন্দোলন চলছিল। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান এবং গুলি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এতে জামিয়াছিন ইসলামীয়া মাদ্রাসার শিক্ষার্থী সাদিকুল ইসলাম পেটে গুলিবিদ্ধ হন। পরে তাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন