শনিবার, ২১ নভেম্বর ২০২৬

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

বিদ্যুৎ ও জ্বালানি খাতে মার্কিন কোম্পানির বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণের আগ্রহের কথা জানালেন ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

জ্বালানি নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে মার্কিন কোম্পানিগুলোর ক্রমবর্ধমান ভূমিকার কথা তুলে ধরেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর রেনেসাঁ ঢাকায় ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) ২০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জ্বালানি খাতে মার্কিন কোম্পানির ভূমিকা

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘অধিকাংশ ব্যবসার জন্য স্থিতিশীল ও নির্ভরযোগ্য জ্বালানিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

তিনি বলেন, জ্বালানি খাতে বাংলাদেশের অন্যতম প্রধান অংশীদার যুক্তরাষ্ট্র। মে মাসে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক (এমওইউ) মার্কিন জ্বালানি কোম্পানিগুলোর জন্য সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে কাজের সুযোগ উন্মুক্ত করেছে।

ক্রিস্টেনসেন বলেন, শেভরন বাংলাদেশে শুধু যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিনিয়োগকারীই নয়, দেশের সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারীও। প্রতিষ্ঠানটি বাংলাদেশের মোট প্রাকৃতিক গ্যাসের অর্ধেকেরও বেশি উৎপাদন করছে।

অন্যান্য মার্কিন কোম্পানির অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, এক্সিলারেট দুটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) পরিচালনা করছে এবং জিই ভার্নোভা দেশে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে।

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসসহ (এলপিজি) জ্বালানি সরবরাহে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য অংশীদার উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশে তাদের কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী।

বাণিজ্য ও বিনিয়োগে অভিন্ন লক্ষ্য

মার্কিন রাষ্ট্রদূত বলেন, আন্তর্জাতিক পুঁজি ও অর্থায়নে বাংলাদেশের প্রবেশাধিকার বাড়ানো এবং মার্কিন কোম্পানিগুলোর জন্য অনুকূল ব্যবসায়িক পরিবেশ তৈরির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও আইবিএফবির লক্ষ্য অভিন্ন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ‘সহায়তার চেয়ে বাণিজ্য’ এবং ‘অনুদানের চেয়ে বিনিয়োগের’ ওপর বেশি গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তির (এআরটি) প্রসঙ্গ টেনে ক্রিস্টেনসেন বলেন, এ চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নেবে।

তিনি বলেন, স্বচ্ছ শুল্ক কাঠামো, ন্যায্য বিধিমালা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমমান বাংলাদেশকে বৈশ্বিক অর্থনীতিতে আরও প্রতিযোগিতামূলক হতে সহায়তা করবে। এ সময় অশুল্ক বাধা কমানোর প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি।

ডিএফসির অর্থায়নের সুযোগ

ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের যোগ্যতার বিষয়ে ক্রিস্টেনসেন বলেন, ২০১৯ সালে প্রতিষ্ঠিত এ বিনিয়োগ সংস্থাটি জ্বালানি, স্বাস্থ্যসেবা, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতের প্রকল্পে অর্থায়ন করে।

তিনি আরও বলেন, ঋণ, ইক্যুইটি বিনিয়োগ, রাজনৈতিক ঝুঁকি বিমা এবং সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে ডিএফসি এমন প্রকল্পগুলোতে সহায়তা দেবে, যেগুলো দৃশ্যমান কৌশলগত ও অর্থনৈতিক সুফল বয়ে আনে।

বক্তব্যের শেষে আইবিএফবিকে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অভিনন্দন জানান মার্কিন রাষ্ট্রদূত। বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচনে প্রয়োজনীয় সংস্কারগুলোতে সহায়তা করার জন্য সংগঠনটির প্রতি আহ্বান জানান তিনি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন