২ হাজার ২৩০ জনের কর্মসংস্থানের সম্ভাবনা, উৎপাদন শুরুর লক্ষ্য ২০২৭ সালের মার্চে
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি উচ্চমানের পোশাক কারখানা স্থাপনের পরিকল্পনা করেছে সিঙ্গাপুর ও চীনের মালিকানাধীন জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেড। কারখানাটি চালু হলে ২ হাজার ২৩০ জন বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এ লক্ষ্যে বুধবার (১৮ নভেম্বর) ঢাকার বেপজা কমপ্লেক্সে প্রতিষ্ঠানটির সঙ্গে জমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সিয়ামস সুপিরিয়রের সাবেক কারখানায় নতুন প্রতিষ্ঠান
চট্টগ্রাম ইপিজেডের অন্যতম পুরোনো প্রতিষ্ঠান সিয়ামস সুপিরিয়র লিমিটেডের সাবেক কারখানা প্রাঙ্গণে নতুন কারখানাটি স্থাপন করা হবে। ২০২৪ সালের আগস্টে সিয়ামস সুপিরিয়র তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। এরপর বেপজা নির্ধারিত বিধি ও প্রক্রিয়া অনুসরণ করে কারখানাটির যন্ত্রপাতি ও অবকাঠামো নিলামে তোলে।
উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন নিয়ে এসব সম্পদ অধিগ্রহণ করে জয়ফুল।
বছরে ২৫ লাখ পিস পোশাক উৎপাদনের পরিকল্পনা
প্রতিষ্ঠানটি বছরে ২৫ লাখ পিস উচ্চমানের পোশাক উৎপাদনের পরিকল্পনা করেছে। উৎপাদিত পণ্যের মধ্যে থাকবে হান্টিং স্যুট, প্রযুক্তিনির্ভর ও পানিরোধী আউটারওয়্যার, উইন্ডব্রেকার, কমব্যাট জ্যাকেট, ট্রেঞ্চ কোট, ওভারকোট, প্যাডেড জ্যাকেট, ডাউন জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ক্যাজুয়াল জ্যাকেট, স্কি জ্যাকেট, কটন জ্যাকেট, পাফার পার্কা ও পশমের তৈরি আউটারওয়্যার।
এসব পোশাক ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের প্রধান রপ্তানি বাজারগুলোতে সরবরাহের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
চুক্তিতে সই করেন দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা
জমি ইজারা চুক্তিতে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন এবং জয়ফুলের ব্যবস্থাপনা পরিচালক হান জুনশিয়াও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেপজার ওপর আস্থা রেখে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, প্রচলিত বিধিবিধান অনুযায়ী বিনিয়োগকারীদের সব ধরনের সুযোগ-সুবিধা ও সেবা নিশ্চিত করবে বেপজা। পাশাপাশি জয়ফুলের ব্যবসায়িক অংশীদারদেরও বেপজার বিভিন্ন অঞ্চলে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
২০২৭ সালের মার্চে উৎপাদন শুরুর লক্ষ্য
চট্টগ্রাম ইপিজেডে বিনিয়োগের সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন জয়ফুলের ব্যবস্থাপনা পরিচালক হান জুনশিয়াও। তিনি জানান, ২০২৭ সালের মার্চের মধ্যে কারখানার সংস্কারকাজ শেষ করে উৎপাদন শুরু করার লক্ষ্য রয়েছে তাঁদের।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল মো. মহসীন হাসান, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজ, সংস্থাটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জয়ফুলের প্রতিনিধিরা।

