১৭ নভেম্বর বিকেল থেকে কার্যকর হবে বরখাস্তের আদেশ
বাংলাদেশ সেনাবাহিনীর দুই কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্তের আদেশ জারি করা হয়েছে। তাঁরা হলেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন ও লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানম। আগামী ১৭ নভেম্বর বিকেল থেকে তাঁদের বরখাস্ত কার্যকর হবে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে তাঁদের সামরিক চাকরির মেয়াদ।
গত ১২ নভেম্বর সেনাসদরের সামরিক সচিবের শাখা থেকে পৃথক দুটি আদেশ জারি করা হয়।
সেনা আইনের ১৬ ধারায় আদেশ
সেনা আইনের ১৬ ধারা এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুসারে এ আদেশ জারি করা হয়েছে। আদেশের শিরোনামে ‘অবসর আদেশ’ লেখা থাকলেও চাকরি থেকে অব্যাহতির ধরন হিসেবে উল্লেখ করা হয়েছে ‘চাকরি হতে বরখাস্ত’।
সেনা আইনের ১৬ ধারা অনুযায়ী, কোর্ট মার্শাল ছাড়াও সরকার সংশ্লিষ্ট ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্ত বা অপসারণ করতে পারে।
ব্রিগেডিয়ার জেনারেল জাকারিয়া হোসেন
ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন বাংলাদেশ মিলিটারি একাডেমির ২৯তম দীর্ঘমেয়াদি কোর্সের কর্মকর্তা। তাঁর অবসর আদেশে বলা হয়েছে, বাংলাদেশ আর্মি অ্যাক্টের ১৬ ধারা এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী সেনাসদরের এমঅ্যান্ডকিউ পরিদপ্তর, ঢাকা সেনানিবাসে সংযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে সেনাবাহিনীর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানম
অন্যদিকে, লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমের অবসর আদেশে বলা হয়েছে, বাংলাদেশ আর্মি অ্যাক্টের ১৬ ধারা এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী সেনা কল্যাণ সংস্থা, ঢাকা সেনানিবাসে কর্মরত লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমকে সেনাবাহিনীর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

