কূটনৈতিক আলোচনার আড়ালে সামরিক অভিযানের প্রস্তুতির অভিযোগ
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন সামরিক অভিযানের আশঙ্কায় কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্র প্রথমে হামলা চালানো পর্যন্ত অপেক্ষা করবে না তেহরান।
রোববার (১৫ নভেম্বর) রাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
আগাম পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি
ঘারিবাবাদি বলেন, তেহরান পাল্টা পদক্ষেপ নেওয়ার আগে যুক্তরাষ্ট্রের প্রথম আক্রমণের জন্য অপেক্ষা করবে না। তাঁর অভিযোগ, কূটনৈতিক আলোচনার আড়ালে সময়ক্ষেপণ করে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিতে পারে ওয়াশিংটন।
তিনি আরও বলেন, ইরানের শর্ত পূরণ এবং যুদ্ধের স্থায়ী অবসান নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে প্রথমে প্রয়োজনীয় নিশ্চয়তা দিতে হবে।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অসৎ মনোভাবের অভিযোগ
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, গত দেড় বছরে অন্তত তিনবার অসৎ মনোভাবের পরিচয় দিয়েছে যুক্তরাষ্ট্র।
এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার হওয়ায় দুই দেশের মধ্যে ভঙ্গুর কূটনৈতিক প্রক্রিয়া ভেঙে পড়ার আশঙ্কা বাড়ছে।
মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরীর উপস্থিতি
এরই মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের স্ট্রাইক গ্রুপ। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতায় থাকা আরও দুটি বিমানবাহী রণতরীর সঙ্গে এটি যুক্ত হয়েছে।

