আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতের ঘোষণা দিয়ে রবিউল ইসলাম নয়ন বলেন, ২০২৪ সালের ১৯ জুলাইয়ের স্মৃতি মনে রেখে লকডাউনকে ধুলার সঙ্গে মিশিয়ে দেওয়া হবে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন, ‘১৯ তারিখ কিছু হবে না। লকডাউন বলতে কোনো শব্দ ১৯ তারিখে (নভেম্বর) থাকবে না।’
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন। মিছিলটি রাজধানীর পল্টন থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।
২০২৪ সালের ১৯ জুলাইয়ের স্মৃতিচারণ
রবিউল ইসলাম নয়ন বলেন, ‘২৪-এর ১৯ জুলাই আমরা রাজপথে রক্ত দিয়েছিলাম। আমার দুজন সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছিল। তাদের মধ্যে নবীন তালুকদার নামে একজন মারা গেছেন। সেদিন শান্তিনগর এলাকা, কাকরাইল এলাকা, পল্টন এলাকা ঢাকা মহানগর দক্ষিণ যুবদল দখল নিয়েছিল।’
সেদিনের ঘটনার স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, ‘সেই দিনের ২৪-এর ১৯ জুলাইকে স্মরণ করে ১৯ তারিখের লকডাউনকে ধুলার সঙ্গে মিশিয়ে দেব।’
বিরোধী দলের ভূমিকা নিয়ে মন্তব্য
বিরোধী দলের ভূমিকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যুবদল নেতা নয়ন বলেন, ‘যারা রাজাকার, যারা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে, তারা দেশের সংকটে সর্বদা নীরব থাকে।’

