শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রামের দুর্গম পাহাড়ে পুলিশের অভিযান, চার মোটরসাইকেল জব্দ

সাঁড়াশি অভিযানে রেজিস্ট্রেশনবিহীন চারটি মোটরসাইকেল জব্দ

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় পুলিশের সমন্বিত অভিযানে চারজনকে আটক করা হয়েছে। এ সময় রেজিস্ট্রেশনবিহীন চারটি মোটরসাইকেল জব্দ করা হয়।

সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধীদের অপতৎপরতা নিয়ন্ত্রণে বৃহস্পতিবার (১২ নভেম্বর) জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল এ সাঁড়াশি অভিযান চালায়।

বিভিন্ন পাহাড়ি এলাকায় অভিযান

পুলিশ জানায়, দক্ষিণ রাঙ্গুনিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। মোবারক টিলা, সৈয়দের খিল, কাইন্দার কুল, ভাল্লুকীয়া টিলা, মীরেরখীল ও ক্ষেত্রবাজারসহ বিভিন্ন এলাকায় পুলিশের একাধিক দল একযোগে অভিযান পরিচালনা করে।

এ সময় বিভিন্ন সন্দেহভাজন আস্তানায় তল্লাশি চালিয়ে চারজনকে আটক করা হয়। পাশাপাশি রেজিস্ট্রেশনবিহীন চারটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে অভিযান

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, পিপিএম এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে জেলা পুলিশ ও জেলা ডিবির সদস্যরা অংশ নেন।

অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে

পুলিশ সুপার মাসুদুল আলম জানান, পাহাড়ি ও দুর্গম এলাকাকে কেন্দ্র করে কোনো অপরাধী চক্র যেন সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ অস্ত্রের ব্যবহার, চাঁদাবাজি, দখলবাজি কিংবা অন্য কোনো অপরাধমূলক কার্যক্রম পরিচালনার সুযোগ না পায়, তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

তিনি আরও জানান, দুর্গম এলাকাগুলোতে অপরাধীদের অবস্থান শনাক্ত, সম্ভাব্য আস্তানা চিহ্নিত, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন