হোয়াইট হাউস থেকে প্রায় এক মাইল দূরে সকালের ব্যস্ত সময়ে হামলা; এলাকা ঘিরে রেখেছে পুলিশ, লকডাউন জারি শিক্ষাপ্রতিষ্ঠানে
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ব্যস্ত সড়কে বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শহরের লোগান সার্কেল এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পরপরই ওই এলাকায় নিরাপত্তা জোরদার করে পুলিশ। হামলাকারী একটি এলাকায় নিজেকে অবরুদ্ধ করে রেখেছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ২৩ মিনিটে ১৫তম স্ট্রিট নর্থওয়েস্ট ও পি স্ট্রিটের সংযোগস্থলে গুলির ঘটনা ঘটে। হোয়াইট হাউস থেকে প্রায় এক মাইল দূরে সকালের ব্যস্ত সময়ে এ হামলা হয়।
এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার
গুলির ঘটনার পর আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে লকডাউন জারি করা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে অবস্থানের নির্দেশ দেয় পুলিশ।
পুলিশের এক সতর্কবার্তায় বলা হয়, ‘নিকটবর্তী কোনো ভবনের ভেতরে প্রবেশ করুন, জানালা থেকে দূরে থাকুন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘরের ভেতরেই অবস্থান করুন।’
গুলিবিদ্ধ ব্যক্তিদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনাস্থলে এফবিআই ও সিক্রেট সার্ভিস
ঘটনাস্থল থেকে আল জাজিরার সাংবাদিক জন হোলম্যান জানান, এলাকায় পুলিশের গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। স্থানীয় পুলিশের পাশাপাশি এফবিআই ও সিক্রেট সার্ভিসের সদস্যদের কৌশলগত নিরাপত্তা সরঞ্জাম পরে ঘটনাস্থলের দিকে যেতে দেখা গেছে।

