বুধবার, ১১ নভেম্বর ২০২৬

দুর্নীতি ও হয়রানি ঠেকাতে ভূমি মন্ত্রণালয়ের কেন্দ্রীয় উদ্যোগ

ভূমি অফিসে দুর্নীতি, অনিয়ম ও নাগরিক হয়রানি বন্ধে অভিযোগের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করছে মন্ত্রণালয়; চালুর উদ্যোগ ড্যাশবোর্ডভিত্তিক তদারকি ব্যবস্থা

ভূমি অফিসে দালাল নির্ভরতা, দুর্নীতি ও নাগরিক হয়রানি বন্ধে কেন্দ্রীয়ভাবে অভিযোগ ব্যবস্থাপনা টিম গঠন করেছে ভূমি মন্ত্রণালয়। এ টিমের মাধ্যমে ভূমিসেবার মান, অনিয়ম এবং অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি জেলা থেকে ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসগুলোর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ড্যাশবোর্ডভিত্তিক তদারকি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ জাতীয় সংসদে সিলেট-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এসব তথ্য জানান।

অনলাইনে ভূমিসেবা সম্প্রসারণ

ভূমিমন্ত্রী বলেন, ভূমি উন্নয়ন কর, নামজারি ও খতিয়ানসহ বিভিন্ন ভূমিসেবা অনলাইনে দেওয়ার পাশাপাশি স্বয়ংক্রিয় ভূমিসেবা সম্প্রসারণের কার্যক্রম অব্যাহত রয়েছে। মাঠপর্যায়ে দালাল নির্ভরতা ও নাগরিক হয়রানি বন্ধে মন্ত্রণালয়ে কেন্দ্রীয় অভিযোগ ব্যবস্থাপনা টিম গঠন করা হয়েছে।

এ টিম নিয়মিত ভূমিসেবার মান ও কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করছে। নাগরিকদের অভিযোগ গ্রহণ ও পর্যালোচনার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তর বা কর্মকর্তার কাছে অভিযোগ পাঠানো এবং সেগুলোর নিষ্পত্তির অগ্রগতিও তদারকি করা হচ্ছে।

অভিযোগ জানাতে চালু হয়েছে অনলাইন ব্যবস্থা

মন্ত্রী জানান, অনিয়ম, দুর্নীতি, হয়রানি কিংবা সেবা পেতে অযৌক্তিক বিলম্বের অভিযোগ পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। নাগরিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কারিগরি সহায়তা দিতে ‘ভূমিসেবায় অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা ও কারিগরি সহায়তা সিস্টেম’ চালু করা হয়েছে।

এ ব্যবস্থার মাধ্যমে অনলাইনে অভিযোগ দাখিল, অভিযোগের অগ্রগতি পর্যবেক্ষণ এবং নিষ্পত্তির তথ্য জানার সুযোগ রয়েছে।

ভূমিসেবা সংক্রান্ত তথ্য, পরামর্শ ও অভিযোগ গ্রহণের জন্য সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা ভূমিসেবা কল সেন্টার চালু রয়েছে বলেও জানান ভূমিমন্ত্রী। দেশের নাগরিকেরা ১৬১২২ নম্বরে ফোন করে এ সেবা নিতে পারছেন।

এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের জন্য +৮৮০৯৬ ১২৩ ১৬১২২ নম্বরে বিশেষ হটলাইন চালু রয়েছে। এসব হটলাইনে পাওয়া অভিযোগের রেকর্ড সংরক্ষণ করা হয় এবং প্রতিটি অভিযোগ যাচাই করে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।

গণমাধ্যমে প্রকাশিত অভিযোগেও ব্যবস্থা

ভূমিমন্ত্রী বলেন, নাগরিকদের কাছ থেকে সরাসরি বা হার্ড কপি আকারে পাওয়া অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে ভূমি মন্ত্রণালয়ে একটি স্বতন্ত্র শাখা খোলা হয়েছে। এ শাখার মাধ্যমে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে ভূমিসেবা সংক্রান্ত অনিয়ম বা হয়রানির অভিযোগ প্রকাশিত হলেও সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

একই কর্মস্থলে তিন বছর থাকলে বদলি

মাঠপর্যায়ে দুর্নীতি প্রতিরোধ, হয়রানি বন্ধ ও দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, ভূমিসেবার সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা বা কর্মচারী একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় কর্মরত থাকলে তাঁদের পর্যায়ক্রমে বদলি করা হচ্ছে।

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপের মাধ্যমে লোকেশন যাচাইয়ের পাইলটিং কার্যক্রমও চলছে। পাশাপাশি ড্যাশবোর্ডভিত্তিক তদারকির মাধ্যমে জেলা থেকে ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মামলার তথ্য পেতে চালু ডিজিটাল ব্যবস্থা

মন্ত্রী আরও জানান, নাগরিকদের ভূমি রাজস্ব ও দেওয়ানি মামলা সংক্রান্ত তথ্য প্রাপ্তিতে হয়রানি বন্ধে ‘ভূমি রাজস্ব মামলা ব্যবস্থাপনা সিস্টেম’ (ল্যান্ড রেভিনিউ কেস ম্যানেজমেন্ট সিস্টেম) চালু করা হয়েছে।

ভবিষ্যতে ডিজিটাল ভূমিসেবার কার্যকর বাস্তবায়ন, কেন্দ্রীয় পর্যায়ে মনিটরিং জোরদার, অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা আরও কার্যকর করা এবং মাঠপর্যায়ে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে দালাল নির্ভরতা ও নাগরিক হয়রানি কমাতে মন্ত্রণালয় কাজ করছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন