বুধবার, ১১ নভেম্বর ২০২৬

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩৫৭

চট্টগ্রামে সর্বোচ্চ ৩ জনের মৃত্যু; ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৪১ হাজার ছাড়িয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৩৫৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৯ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রামে সর্বোচ্চ মৃত্যু

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে চট্টগ্রাম বিভাগে তিনজন, ঢাকা বিভাগে একজন এবং সিলেট বিভাগে একজন রয়েছেন।

এ সময়ে সবচেয়ে বেশি নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। বিভাগটিতে নতুন করে ৫১৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩৮ জন নতুন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন, মারা গেছেন তিনজন। সিলেটে নতুন রোগী ১৬৫ জন, মৃত্যু হয়েছে একজনের।

বিভাগভিত্তিক নতুন সন্দেহজনক রোগীর সংখ্যা হলো—খুলনায় ১৪৫ জন, বরিশালে ১২৩ জন, ময়মনসিংহে ১০৭ জন, রাজশাহীতে ৩৭ জন এবং রংপুরে ২৮ জন।

সন্দেহজনক হাম রোগী ২ লাখ ৪১ হাজার ছাড়িয়েছে

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৪ হাজার ৬১০ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত ১ হাজার ১৮৪ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন ১ হাজার ৪১৬ জন

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৪১৬ জন হাম রোগী।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ৭৯৯ জনে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন