আইইউবির সমাবর্তনে মির্জা ফখরুলের আহ্বান; উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ
বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে দেশের শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে নিজেদের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত থেকে বিশ্বের জ্ঞান ও অভিজ্ঞতা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) পূর্বাচলে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) সমাবর্তন অনুষ্ঠানে দেওয়া ভাষণে এসব কথা বলেন রাষ্ট্রপতি।
গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা
রাষ্ট্রপতি বলেন, ২০২৪ সালে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিসহ বেসরকারি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাহসী ও গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। তাঁদের অবদান দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
মানহীন বিশ্ববিদ্যালয় নিয়ে উদ্বেগ
মির্জা ফখরুল বলেন, বিগত দেড় দশকে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষাব্যবস্থাও ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। কোনো রকম বাছবিচার ছাড়াই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়েছিল।
তাঁর ভাষ্য, এসব মানহীন প্রতিষ্ঠান উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে এবং সম্ভাবনাময় বিশাল তরুণ সমাজকে হতাশার দিকে ঠেলে দিয়েছে। অনেকে মাদকাসক্ত হয়ে পড়েছেন। এতে ব্যক্তি পর্যায়ের পাশাপাশি দেশের মেধা ও সম্ভাবনারও ব্যাপক অপচয় হয়েছে।
রাষ্ট্রপতি আরও বলেন, অনেক বিশ্ববিদ্যালয়কে ব্যবসা ও অতিমুনাফার কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।
কর্মবাজারের উপযোগী শিক্ষার তাগিদ
রাষ্ট্রপতি বলেন, বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে। তবে এ অগ্রযাত্রায় নিজেদের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য ভুলে গেলে চলবে না। নিজেদের শিকড়ের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত থেকে বিশ্বের জ্ঞান ও অভিজ্ঞতা গ্রহণ করতে হবে।
উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে সময়োপযোগী, কর্মমুখী ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে।
তরুণদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, দক্ষ কর্মী, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অর্থাভাবে মেধাবীদের উচ্চশিক্ষা যেন ব্যাহত না হয়
রাষ্ট্রপতি বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষা যেন ব্যাহত না হয়, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিশেষ গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, ‘নিজের অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। দেশের সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, যাদের শ্রম ও অবদানে দেশের অর্থনীতি সচল থাকে, জীবনের চাকা ঘোরে।’

