দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা, ব্যাংকিং খাতে সুশাসন ও শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ ও ব্যাংকিং খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) একটি প্রতিনিধিদলের মতবিনিময় সভায় এ বিষয়ে আলোচনা হয়।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএবির চেয়ারম্যান ও ঢাকা ব্যাংক পিএলসির চেয়ারম্যান আবদুল হাই সরকার।
সভায় দেশের অর্থনৈতিক অগ্রগতি ও ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
এ ছাড়া ব্যাংকিং খাতে সুশাসন ও শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি জননিরাপত্তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে দুই পক্ষের পারস্পরিক ভূমিকা নিয়েও আলোচনা করেন অংশগ্রহণকারীরা।
মতবিনিময় সভায় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

