অনুসরণ করুন:
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তনে বছরে ১৫ দশমিক ২ বিলিয়ন ডলারের ক্ষতির কথা তুলে ধরে ‘লস অ্যান্ড ড্যামেজ’ তহবিল বাড়ানোর দাবি জানাবে বাংলাদেশ।

জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে আগামী ১০ নভেম্বর তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দিনের সফর শেষে ১২ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন বন ও পরিবেশবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ প্রতিবছর ১৫ দশমিক ২ বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়ছে। এই ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে কপ-৩১ সম্মেলনে ‘লস অ্যান্ড ড্যামেজ’ তহবিলের দাবি জানানো হবে।

ক্ষতিপূরণ তহবিল বাড়ানোর দাবি বাংলাদেশের

প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী ড. সায়মুম পারভেজ জানান, সম্মেলনে ‘লস অ্যান্ড ড্যামেজ’-এর পরিমাণ বাড়ানোর দাবি জানাবে বাংলাদেশ। পরবর্তী সময়ে এ তহবিল থেকে জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দেশগুলো যেন অর্থায়ন পায়, সে চেষ্টাও থাকবে।

তিনি বলেন, এ দাবি এককভাবে নয়, বরং জোটবদ্ধভাবে উত্থাপন করা হবে।

৯ নভেম্বর শুরু হচ্ছে কপ-৩১

আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনাতোলিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনে তুরস্ক সভাপতিত্ব করবে এবং অস্ট্রেলিয়া আনুষ্ঠানিক আলোচনার নেতৃত্ব দেবে।

এবারের সম্মেলনের বিশেষ গুরুত্ব হলো, নতুন প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি আগের সম্মেলনগুলোতে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের ওপর জোর দেওয়া।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন