অনুসরণ করুন:
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে সামাজিক আন্দোলন গড়ার ডাক জ্বালানি মন্ত্রীর

বেশি বেশি সোলার লাগান, কম-কম বিদেশের ওপর নির্ভর করুন’—সৌরবিদ্যুৎ ব্যবহারে সামাজিক আন্দোলন গড়ার আহ্বান

জ্বালানি সংকট থেকে দেশকে রক্ষা করতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর জোর দিয়ে দেশব্যাপী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে সংকট

জ্বালানিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং বিভিন্ন বড় রিফাইনারিতে ড্রোন হামলার কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় এশিয়া প্যাসিফিক, আসিয়ান ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে বিভিন্ন বৈঠকে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, জ্বালানি সংকট উত্তরণে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর কোনো বিকল্প নেই। বর্তমানে ব্যাটারি ও প্যানেল স্থাপন করে সহজেই ঘরে ঘরে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা সম্ভব।

জ্বালানি আমদানিতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি

মন্ত্রী জানান, গত আট মাসে জ্বালানি আমদানিতে সরকারকে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। এই অর্থ জনগণের করের টাকা।

তিনি বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে বৈদেশিক মুদ্রা ও সরকারি রাজস্ব সাশ্রয় হবে। সেই অর্থ দেশের অন্যান্য উন্নয়নমূলক কাজে ব্যয় করা সম্ভব হবে। পাশাপাশি সোলার স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি আর্থিক লাভেরও সুযোগ রয়েছে।

এ সময় ‘বেশি বেশি সোলার লাগান, কম-কম বিদেশের ওপর নির্ভর করুন’ স্লোগান সামনে রেখে দেশব্যাপী সৌরবিদ্যুৎ ব্যবহারের সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান

সভায় মাদকের ভয়াবহতা তুলে ধরে মন্ত্রী বলেন, মাদকের কবলে পড়ে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে। মাদক যুবসমাজকে গ্রাস করলে জাতির ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। তাই মাদকের বিস্তার রোধে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন যারা

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এবং রাজশাহী জেলার পুলিশ সুপার মামুন অর রশিদ।

এ ছাড়া বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), আরএমপির বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় অংশ নেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন