চান্দনি চক মেট্রো স্টেশনের কাছে তিনতলা ভবন ধসে আহত একজন; উদ্ধারকাজে ফায়ার সার্ভিস ও দুর্যোগ মোকাবিলা বাহিনী।
ভারতের রাজধানী নয়াদিল্লির পুরান দিল্লির চাওরি বাজার এলাকায় তিনতলা একটি নির্মাণাধীন ভবন ধসে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৯টা ৫০ মিনিটে চান্দনি চক মেট্রো স্টেশনের কাছে গলি সিতারা এলাকায় ভবন ধসের খবর পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছয়টির বেশি ফায়ার সার্ভিস ইউনিট পাঠানো হয়। উদ্ধারকাজে পানিবাহী গাড়ি ও উদ্ধারকারী যানও যুক্ত করা হয়েছে। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যরাও সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছেন।
সরু গলিতে উদ্ধারকাজে বাধা
ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, ভবনের একটি অংশ ধসে সরু গলির ওপর পড়ে আছে। চারপাশে ছড়িয়ে রয়েছে ধ্বংসস্তূপ। গলির দুই পাশে ঘনবসতিপূর্ণ বহুতল ভবন থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
ঐতিহাসিক পুরান দিল্লির সরু গলিগুলোতে দুই পাশে যানবাহন পার্ক করে রাখার কারণে উদ্ধারকর্মীদের চলাচল কঠিন হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা নিজেদের গাড়ি সরিয়ে অ্যাম্বুলেন্স চলাচলের পথ তৈরি করছেন। উদ্ধারকর্মীদের মূল দুর্ঘটনাস্থলে পৌঁছাতে বেশ কিছুটা পথ হেঁটে যেতে হচ্ছে। এরপর ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছেন তাঁরা।
ভবনে চলছিল নির্মাণকাজ
স্থানীয় এক বাসিন্দার ভাষ্য অনুযায়ী, ভবনটিতে কেউ বসবাস করতেন না। গত তিন থেকে চার মাস ধরে সেখানে নির্মাণকাজ চলছিল। দুর্ঘটনার সময় ভবনের ভেতরে শুধু শ্রমিকেরাই উপস্থিত ছিলেন। ভবনটির মালিক পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া বাসায় থাকেন।
হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু
ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন চন্দরপাল (৬০) ও বিজয় কুমার (৩৩)। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত একজনের চিকিৎসা চলছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

