বুধবার, ৪ নভেম্বর ২০২৬

আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা

২২ ক্যারেটের সোনায় ভরিতে বেড়েছে ৩ হাজার ৩২৪ টাকা, অপরিবর্তিত রুপার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। তেজাবি (পাকা) সোনার দাম বাড়ায় দেশের বাজারে সোনা ও রুপার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।

কত হলো সোনার নতুন দাম

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে বিভিন্ন মানের সোনার দাম নির্ধারণ করা হয়েছে—

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
  • ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা।
  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা।
  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরির পরিমাণে পার্থক্য হতে পারে।

ভ্যাট ও অলঙ্কার বিনিময়ে বাজুসের নির্দেশনা

বাজুস জানিয়েছে, সোনা ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার বিনিময়ের ক্ষেত্রে ১২ শতাংশ এবং ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এসব ক্ষেত্রেও আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

২ নভেম্বরও নির্ধারিত হয়েছিল নতুন দাম

এর আগে গত ২ নভেম্বর সকালে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই সময় ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

সর্বশেষ সিদ্ধান্তে সব ধরনের সোনার দাম বাড়ানো হয়েছে।

রুপার দাম অপরিবর্তিত

সোনার দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ প্রতি ভরি রুপার দাম—

  • ২২ ক্যারেট: ৩ হাজার ৪৯৯ টাকা।
  • ২১ ক্যারেট: ৩ হাজার ৩৮৩ টাকা।
  • ১৮ ক্যারেট: ২ হাজার ৯১৬ টাকা।
  • সনাতন পদ্ধতি: ২ হাজার ২১৬ টাকা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন