বুধবার, ৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে ঢাকায় সিপিসির মন্ত্রী লিউ হাইশিং

প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দেবে সফর।

বাংলাদেশের সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে তিন দিনের দ্বিপক্ষীয় সফরে ঢাকায় পৌঁছেছেন চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তিনি ঢাকায় পৌঁছান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আব্দুস সালাম আজাদ ও সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার কামরুল হাসানও উপস্থিত ছিলেন।

রাজনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্ব

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব থাকার সময়ে গত এপ্রিলে চীন সফরে গিয়ে লিউ হাইশিংকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

সিপিসির এই নেতার সফরে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক জোরদারকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া রাজনৈতিক সংলাপ এবং বাংলাদেশ-চীন সম্পর্কবিষয়ক বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন লিউ হাইশিং।

এরপর সকাল ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

সাক্ষাৎকালে লিউ হাইশিংয়ের সঙ্গে থাকবেন বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউয়িন, সিপিসির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর মহাপরিচালক পেং শিউবিন, জনতথ্য ও যোগাযোগ ব্যুরোর মহাপরিচালক হু ঝাওমিং, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর উপমহাপরিচালক পর্যায়ের কর্মকর্তা লি জিনইয়ান, একই ব্যুরোর বিভাগীয় পরিচালক ওয়াং সিচি এবং আন্তর্জাতিক বিভাগের সাধারণ কার্যালয়ের উপবিভাগীয় পরিচালক ও মন্ত্রীর সহকারী লিউ চেংশিয়াও।

প্রতিনিধিদলে আরও রয়েছেন সিপিসির নেতা শি মেইচি এবং আন্তর্জাতিক বিভাগের কর্মকর্তা চেন ইয়ংপেই, ঝাং গুয়ু, লিউ হংরু ও হে ইয়িইয়াং।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ও বঙ্গভবনে মধ্যাহ্নভোজ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বেলা ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন লিউ হাইশিং। এ সময় তিনি বঙ্গভবন পরিদর্শন করবেন এবং রাষ্ট্রপতির আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

বাংলাদেশ-চীন রাজনৈতিক সম্পর্ক নিয়ে গোলটেবিল আলোচনা

বুধবার দুপুরে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘যেখানে ইতিহাস আলোকিত করে ভবিষ্যৎকে: চীন-বাংলাদেশ পলিটিক্যাল পার্টিজ প্লাস’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তব্য দেবেন চীনা প্রতিনিধিদলের প্রধান।

ঢাকায় চীনা দূতাবাসের আয়োজনে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে ‘বাংলাদেশ-চায়না সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্নেন্স স্টাডিজ’-এর উদ্বোধন করা হবে।

জাতীয় জাদুঘর ও চীনা দূতাবাস পরিদর্শন

বিকেল পৌনে ৪টা থেকে সোয়া ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিদর্শন করবেন লিউ হাইশিং। এরপর ঢাকায় চীনা দূতাবাসের সাবেক চ্যান্সারি ভবনের স্থান এবং বর্তমান চ্যান্সারি পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাঁর।

সন্ধ্যা ৭টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর আয়োজিত নৈশভোজে অংশ নেবেন চীনা প্রতিনিধিদলের প্রধান।

বাংলাদেশের সঙ্গে পারিবারিক স্মৃতির যোগসূত্র

লিউ হাইশিংয়ের বাবা লিউ শুচুইং আশির দশকে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৮০ সালের আগস্টে তিনি তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সফরে বাবার স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শনের পাশাপাশি বৃহস্পতিবার সকালে ঢাকার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে একটি জীবিকাসহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন লিউ হাইশিং।

এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করবেন তিনি। সফর শেষে বৃহস্পতিবার দুপুরেই ঢাকা ছাড়ার কথা রয়েছে তাঁর।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন