মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

দরিদ্র রোগীদের জন্য চট্টগ্রামে ৩ কোটি টাকার ওষুধ সহায়তা

চমেক হাসপাতাল ও চসিকের ৫৭টি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ওষুধ সরবরাহ; সহায়তা দিয়েছে আন্তর্জাতিক দাতা সংস্থা ডিরেক্ট রিলিফ।

দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৫৭টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ওষুধসামগ্রী বিতরণ করা হয়েছে।

আন্তর্জাতিক দাতা সংস্থা ‘ডিরেক্ট রিলিফ’-এর সহযোগিতায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পক্ষ থেকে এসব ওষুধ বিতরণ করা হয়। এর মধ্যে চমেক হাসপাতালের জন্য প্রায় ২ কোটি টাকা এবং চসিকের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর জন্য প্রায় ১ কোটি টাকা মূল্যের ওষুধ রয়েছে।

চমেক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ হস্তান্তর

পৃথক অনুষ্ঠানের মাধ্যমে আজ এসব ওষুধ হস্তান্তর করা হয়। চমেক হাসপাতালের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক প্রশাসক ও চমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন।

দরিদ্র রোগীদের চিকিৎসায় সহায়ক হবে উদ্যোগ

প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, আন্তর্জাতিক দাতা সংস্থা ডিরেক্ট রিলিফের সহযোগিতায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পক্ষ থেকে বিপুল পরিমাণ ওষুধসামগ্রী প্রদান অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে চমেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা দরিদ্র ও অসহায় রোগীরা বিশেষভাবে উপকৃত হবেন।

তিনি বলেন, এ সহযোগিতার ফলে চমেক হাসপাতাল ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

চিকিৎসাসেবা, প্রশিক্ষণ ও গবেষণায় সহযোগিতার সুযোগ

ডা. শাহাদাত হোসেন বলেন, দুই প্রতিষ্ঠানের মধ্যে শুধু ওষুধ সরবরাহ নয়, চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে।

এসব ক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করা গেলে চট্টগ্রামে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন