লিয়ঁতে ৩ থেকে ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী সম্মেলন, অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশেষজ্ঞরা
ইন্টারপোলের দ্বিতীয় গ্লোবাল বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বিপিএম।
রোববার (১ নভেম্বর) সকালে তিনি ঢাকা ত্যাগ করেন বলে পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
লিয়ঁতে বসছে তিন দিনের সম্মেলন
ইন্টারপোলের বায়োটেররিজম প্রিভেনশন ইউনিটের উদ্যোগে আগামী ৩ থেকে ৫ নভেম্বর ফ্রান্সের লিয়ঁতে ইন্টারপোল সদর দপ্তরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
তিন দিনব্যাপী সম্মেলনে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সহযোগী সংস্থার প্রতিনিধি, বায়োসিকিউরিটি বিশেষজ্ঞ ও শিক্ষাবিদরা অংশ নেবেন।
বায়োসিকিউরিটি হুমকি মোকাবিলায় আলোচনা
সম্মেলনে বর্তমান ও ভবিষ্যতের বায়োসিকিউরিটি হুমকির পরিস্থিতি পর্যালোচনা করা হবে। পাশাপাশি সম্ভাব্য হুমকি মোকাবিলায় বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের উপায় নিয়ে আলোচনা হবে।
সম্মেলন শেষে আগামী ৭ নভেম্বর আইজিপির দেশে ফেরার কথা রয়েছে।

