আপিলের শর্তে জামিন আবেদন নাকচ; দুই ধারায় সাত বছর করে মোট ১৪ বছরের কারাদণ্ড পেয়েছেন তিনি
পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় দণ্ডিত পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৯-এ আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তাঁর আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালামের আদালতে রাসেলের পক্ষে শুনানি করেন ঢাকা বারের সাবেক সভাপতি গোলাম মোস্তফা খান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে জামিনের বিরোধিতা করেন প্রসিকিউটর খন্দকার শামীম হোসেন।
জামিন আবেদন নাকচ, কারাগারে পাঠানোর আদেশ
দুদকের প্রসিকিউটর খন্দকার শামীম হোসেন বলেন, পূর্বাচলে প্লট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি শওকত আজিজ রাসেল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তাঁর আইনজীবীরা রায়ের বিরুদ্ধে আপিলের শর্তে জামিন চেয়েছিলেন। পরে আদালত আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুই ধারায় ১৪ বছরের কারাদণ্ড
এর আগে গত ১৩ অক্টোবর একই আদালত শওকত আজিজ রাসেল ও তাঁর ভাই আশফাক আজিজ রুবেলসহ আটজনকে পৃথক দুই ধারায় সাত বছর করে মোট ১৪ বছরের কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালউদ্দিন চৌধুরী, সাবেক সদস্য (উন্নয়ন) এস ডি ফয়েজ, সাবেক সদস্য (পরিকল্পনা) এ কে এম ওয়াহেদুল ইসলাম, সাবেক সদস্য (অর্থ) এস এম জাফর উল্লাহ, সাবেক সদস্য (প্রশাসন ও ভূমি) এইচ এম জহুরুল হক এবং সাবেক সদস্য (এস্টেট) রেজাউল করিম তরফদার।
দণ্ডিত শওকত আজিজ রাসেল ও আশফাক আজিজ রুবেলের নামে রাজউক পূর্বাচলে ১০ কাঠা করে দুটি প্লট বরাদ্দ দিয়েছিল।
ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দের অভিযোগ
মামলার বিবরণ অনুযায়ী, রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালউদ্দিন চৌধুরী এবং সংস্থাটির সাবেক পাঁচ সদস্য বৈধ আবেদনকারীদের সুযোগ না দিয়ে শওকত আজিজ রাসেল ও আশফাক আজিজ রুবেলকে পূর্বাচলে ১০ কাঠা করে প্লট বরাদ্দ দেন। ২০০১ থেকে ২০০৪ সালের মধ্যে ক্ষমতার অপব্যবহার করে এসব অনিয়ম করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
সে সময় রাসেল ও রুবেলের বাবা এম এ হাসেম নোয়াখালী-২ আসনের বিএনপির সংসদ সদস্য ছিলেন।
২০১৭ সালে দুদকের মামলা, ২০১৯ সালে বিচার শুরু
এ ঘটনায় ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি দুদকের তৎকালীন উপপরিচালক সিলভিয়া ফেরদৌস মতিঝিল থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর কমিশনের তৎকালীন উপপরিচালক মির্জা জাহিদুল আলম আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
২০১৯ সালের ২৬ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
রাসেল ও রুবেলের ব্যবসায়িক পরিচয়
শওকত আজিজ রাসেল আম্বার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতির দায়িত্বেও রয়েছেন। তাঁর ভাই আশফাক আজিজ রুবেল পারটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান।

