বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ২০ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ, আটক ১

সীমান্তে বিজিবির বিশেষ অভিযান; জব্দ তালিকায় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ভারতীয় মদ ও উইনকেরেক্স সিরাপ

সাতক্ষীরার সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৬৬ হাজার টাকা। এ সময় মো. আসাদুল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার পদ্মশাখরা, বৈকারী ও কাঁকডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ জব্দ

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার ভাঙ্গার মুখ এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও নেশাজাতীয় উইনকেরেক্স সিরাপ জব্দ করে।

অন্যদিকে, কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ছবেদ মোড় এলাকা থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দ করা সব মালামালের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৬৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

সীমান্ত পার হওয়ার চেষ্টাকালে আটক এক ব্যক্তি

বিজিবি আরও জানায়, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী কাপালিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. আসাদুল ইসলামকে আটক করে। মাদকদ্রব্য আনার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে তাঁকে আটক করা হয়।

এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও চারটি সিম কার্ড জব্দ করা হয়। সিম কার্ডগুলোর মধ্যে একটি ভারতীয় এবং তিনটি বাংলাদেশি।

আটক আসাদুল ইসলাম সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আমিনুদ্দিন সরদারের ছেলে।

জব্দ করা মালামাল সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর

বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান অভিযানের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জব্দ করা ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। মাদকদ্রব্যের বিষয়ে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে সেগুলো পরবর্তী সময়ে জনসম্মুখে ধ্বংস করার জন্য বিজিবির স্টোরে রাখা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন