ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে দুর্ঘটনা, সিসিটিভি ফুটেজ ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম তালদিঘী এলাকায় ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় দুই শিশুর মা তাঁদের সঙ্গে ছিলেন।
নিহত দুই শিশু হলো আরবিয়া (৮) ও রাবিয়া (৬)। তারা উপজেলার পশ্চিম তালদিঘী গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে।
মায়ের সঙ্গে যাওয়ার পথে দুর্ঘটনা
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে শিশুদের মা ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় তাঁর সঙ্গে ছিল দুই মেয়ে। তারা পশ্চিম তালদিঘী এলাকায় ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের পাশে দিয়ে হাঁটার সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান দুই শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সিসিটিভি ফুটেজ ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে
এ দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, দুই শিশু মায়ের সঙ্গে সড়কের পাশ দিয়ে হাঁটছিল। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।
মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাশিদ বাসসকে বলেন, নিহত শিশুদের মরদেহ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

