সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তারের পর আদালতের আদেশ; ধানমন্ডির বাসা থেকে ভোরে আটক
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার শুনানি শেষে তাঁর জামিন আবেদন নাকচ করে দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আরিফ রেজা এ তথ্য জানিয়েছেন।
রোববার ভোর ৬টার দিকে ধানমন্ডির নিজ বাসা থেকে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মিছিলে ককটেল বিস্ফোরণের অভিযোগ
পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মাসুদুর রহমান আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আব্দুল মান্নানের পক্ষে তাঁর আইনজীবী আল ইমরান মুকুল জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তবে শুনানির সময় আব্দুল মান্নানকে এজলাসে হাজির করা হয়নি।
মামলার এজাহারে যা বলা হয়েছে
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৮ জুন সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনালসংলগ্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী মিছিল বের করেন।
এজাহারে অভিযোগ করা হয়, মিছিল থেকে সরকারবিরোধী স্লোগান দেওয়া হয় এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়। পাশাপাশি রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড চালানোর অভিযোগও আনা হয়েছে।
এ ঘটনায় ওই দিনই তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহিদুল হক মামলা করেন।

