অনুসরণ করুন:
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সরকারি হাসপাতালে রোগীদের খাবারের বরাদ্দ ২৫০ টাকা করার উদ্যোগ

সরকারি হাসপাতালে রোগীদের দৈনিক খাবারের বরাদ্দ বাড়িয়ে ২৫০ টাকা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার।

রোববার (১৮ অক্টোবর) রাতে বাগেরহাট-২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার বলেন, বর্তমানে সরকারি হাসপাতালে একজন রোগীর জন্য দৈনিক খাবারের বরাদ্দ ১৭৫ টাকা। ভ্যাট-ট্যাক্স কাটার পর কার্যকর বরাদ্দ থাকে প্রায় ১৪৯-১৫০ টাকা। এই অর্থে একজন রোগীর তিন বেলা খাবার দেওয়া কঠিন। তাই বরাদ্দ বাড়িয়ে ২৫০ টাকা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, দেশের বর্তমান স্বাস্থ্যব্যবস্থা মূলত চিকিৎসাকেন্দ্রিক। এই ব্যবস্থা পরিবর্তন করে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদারের কাজ চলছে।

প্রধানমন্ত্রী ১ লাখ স্বাস্থ্য ও উন্নয়নকর্মী নিয়োগের ঘোষণা দিয়েছেন বলেও জানান তিনি। এর মধ্যে চলতি বছরই ৪৩ থেকে ৪৫ হাজার কর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানান ডা. জিয়াউদ্দিন।

তিনি বলেন, নতুন ও বর্তমান স্বাস্থ্যকর্মীদের নিয়ে প্রায় ১ লাখ ৪০-৪৫ হাজার কর্মী গ্রামাঞ্চলে কাজ করবেন। প্রতিটি স্বাস্থ্যকর্মী বছরে অন্তত তিন থেকে চারবার প্রতিটি পরিবারের কাছে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করবেন। এর মাধ্যমে বিভিন্ন রোগ প্রাথমিক পর্যায়েই শনাক্ত করা সম্ভব হবে।

বিশেষ করে অসংক্রামক রোগে দেরিতে শনাক্ত হওয়ার কারণে মৃত্যুর হার কমাতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি।

এ সময় বাগেরহাট-২৫০ শয্যা জেলা হাসপাতালের বিভিন্ন সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার।

মতবিনিময় সভায় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, সিভিল সার্জন আ.স.ম মাহবুবুল আলম, হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু রাসেলসহ চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন