অনুসরণ করুন:
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ক্যান্সার চিকিৎসায় আধুনিকায়ন, দ্রুত রেডিওথেরাপি মেশিন বসানোর উদ্যোগ

মেশিন ক্রয়ে শুল্কমুক্ত সুবিধার ব্যবস্থা করা হবে; নতুন প্রযুক্তি পরিচালনায় জনবলকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা

দেশের ক্যান্সার হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে এসব মেশিন ক্রয়ে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ‘জাতীয় ক্যান্সার সম্মেলন ২০২৬’-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার প্রতিপাদ্য ছিল ‘সবার জন্য ক্যান্সার সেবা: প্রতিরোধ, নির্ভুল চিকিৎসা, উপশমমূলক পরিচর্যা ও নীতিনির্ধারণের সমন্বয়’।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতি স্থাপন ও অপসারণের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা থাকবে না। দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপনের মাধ্যমে দেশের রোগীরা যেন নিজ দেশেই আধুনিক চিকিৎসাসেবা পান, সে লক্ষ্যে কাজ করা হচ্ছে।

ক্যান্সার চিকিৎসায় বাজেটের বড় অংশ ব্যবহারের পরিকল্পনা

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ক্যান্সার প্রতিরোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার। স্বাস্থ্য খাতের বাজেটের বড় অংশ ক্যান্সার চিকিৎসায় ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।

তিনি জানান, দেশে আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও টেকনোলজিস্ট রয়েছেন। নতুন প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনে তাঁদের আগামী তিন মাস প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে।

স্বাস্থ্য খাতে অবহেলা বরদাশত করা হবে না

স্বাস্থ্য খাতের অতীতের অব্যবস্থাপনার সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৭ বছরের শাসনামল স্বাস্থ্য খাতকে অনেক পিছিয়ে দিয়েছে। বর্তমান সময়ে এ খাতে কারও গাফিলতি সহ্য করা হবে না।

দায়িত্ব পালনে অবহেলা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরি থাকবে না বলেও সতর্ক করেন তিনি।

সম্মেলনে উপস্থিত ছিলেন যাঁরা

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফারহাদ হালিম ডালিম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হানসহ অন্যরা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন