মঙ্গলবার তিন জেলায় সংক্ষিপ্ত সফর, পূজারি ও হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তারেক রহমান; রাতেই ঢাকায় ফেরার কথা
রাজধানী ঢাকার বাইরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) একই দিনে তিন জেলায় সংক্ষিপ্ত সফর করবেন তিনি। এ সময় পূজামণ্ডপ পরিদর্শন করে পূজারি ও হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সফর শুরু করবেন প্রধানমন্ত্রী। প্রথমে রংপুরে যাবেন তিনি। এরপর সেখান থেকে রাজশাহী ও চট্টগ্রামে যাবেন।
ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শন
আতিকুর রহমান রুমন বলেন, “এই প্রথম বাংলাদেশের কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয়া দুর্গাপূজার পূজামণ্ডপ দেখতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী পূজামণ্ডপগুলোতে পূজারিদের শুভেচ্ছা জানাবেন, তাঁদের সঙ্গে কুশল বিনিময় করবেন।”
চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন শেষে মঙ্গলবার রাতেই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।
এর আগে মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন
এর আগে রোববার রাতে রাজধানীর মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে সহধর্মিণী জুবাইদা রহমানও ছিলেন।
মঙ্গলবার দুর্গাপূজার মহানবমী। পরদিন বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষ হবে।

