সাংবাদিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, অন্যায় চাকরিচ্যুতি ও ওয়েজ বোর্ড বাস্তবায়নে কার্যকর ভূমিকার তাগিদ
গণমাধ্যমকে গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ইতিবাচক ভূমিকা রাখার সবচেয়ে বেশি সুযোগ রয়েছে গণমাধ্যমের। গণমাধ্যম গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে এবং গণতন্ত্রকে এগিয়ে নিতে কাজ করলে তা জনগণের জন্য সবচেয়ে বেশি কল্যাণ বয়ে আনে।
আজ দুপুরে পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সদস্যরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে প্রতিনিধিদলটি সাক্ষাৎ করে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।
সাংবাদিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিতের আহ্বান
রাষ্ট্রপতি বলেন, গণমাধ্যমকর্মীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে পেশাদার সাংবাদিক সংগঠনগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজেদের পেশাগত স্বার্থ সংরক্ষণে সাংবাদিক ও তাঁদের সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
গণমাধ্যমকর্মীদের অন্যায়ভাবে চাকরিচ্যুতি বন্ধ, ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং সাংবাদিকদের ওপর সহিংসতার ঘটনায় বিচার নিশ্চিত করাসহ পেশার গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানে পেশাদার সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি।
ডিআরইউর কার্যক্রম তুলে ধরেন প্রতিনিধিরা
সাক্ষাৎকালে ডিআরইউ প্রতিনিধিদল সংগঠনের পরিচিতি এবং সদস্যদের কল্যাণে পরিচালিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তাঁরা রাষ্ট্রপতির সহযোগিতাও কামনা করেন।
এ সময় প্রতিনিধিদলের সদস্যরা ডিআরইউ আয়োজিত ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান।
সাংবাদিকদের সাহসী ভূমিকার প্রশংসা
রাষ্ট্রপতি গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তাঁর অংশগ্রহণে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির কথা স্মরণ করেন। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সাংবাদিকদের সাহসী ভূমিকার জন্য তিনি তাঁদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি ডিআরইউর উন্নয়নে সহযোগিতার বিষয়ে সংগঠনের সদস্যদের আশ্বস্ত করেন। পাশাপাশি সংগঠনটির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

