অনুসরণ করুন:
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে এক দিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

অক্টোবরের ১৮ দিনেই প্রাণ গেছে ১০৭ জনের, চলতি বছরে মোট মৃত্যু ৩৫২

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৮৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন মৃত্যুর ফলে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫২ জনে। এর মধ্যে অক্টোবরের প্রথম ১৮ দিনেই মারা গেছেন ১০৭ জন। নতুন রোগীদের নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৪ হাজার ২৫১ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার দুজন এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের বাইরের একজন রয়েছেন। তবে মৃত্যুর স্থানসংক্রান্ত তথ্যে মোট চারজনের মৃত্যুর বিপরীতে তিনজনের বিবরণ উল্লেখ করা হয়েছে।

কোন বিভাগে কত রোগী ভর্তি

গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালগুলোতে ১৪৮ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালগুলোতে ২৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩৬৩ জন। এ ছাড়া বরিশালে ১৯২ জন, চট্টগ্রামে ২২০ জন, খুলনায় ২৫৩ জন, ময়মনসিংহে ৯২ জন, রাজশাহীতে ২৩৩ জন, রংপুরে ৯৩ জন এবং সিলেটে ২৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

২০২৩ সালে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু ছিল সর্বোচ্চ। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।

গত বছরও ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়। সে বছর শনাক্ত রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন