হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় পরিচ্ছন্নতা-সেবার মান পর্যবেক্ষণ; আজিমপুরে দুই সপ্তাহ ও উত্তরার হাসপাতালে সাত দিনের সময়সীমা
রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা ও হকারমুক্ত ফুটপাতসহ ১৩টি স্থান সাড়ে চার ঘণ্টায় আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে পরিদর্শন শুরু করে দুপুর ১টা ৪১ মিনিট পর্যন্ত তিনি রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের সেবার মান, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তিনি।
পরিদর্শনকালে বিভিন্ন স্থানের অপরিচ্ছন্ন পরিবেশ ও ব্যবস্থাপনার ঘাটতি দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। পরিচ্ছন্নতা ও সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শন
প্রধানমন্ত্রী প্রথমে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাত দিনের সময়সীমা দেন তিনি।
এরপর তিনি রাজউক উত্তরা মডেল কলেজ ও মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। পরিদর্শনের অংশ হিসেবে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, পাইকপাড়া স্টাফ কোয়ার্টার এবং সরকারি বাংলা কলেজেও যান প্রধানমন্ত্রী।
পরে আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন তিনি।
চিকিৎসকের কক্ষে ধূমপান, সাময়িক বরখাস্ত
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনের একপর্যায়ে সহযোগী অধ্যাপক ডা. রফিকুল ইসলামের কক্ষে যান প্রধানমন্ত্রী। সেখানে চিকিৎসককে ধূমপান করতে দেখেন তিনি। এ সময় তাঁর কক্ষটিও অপরিচ্ছন্ন ছিল।
এ ঘটনায় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে হাসপাতালের চেয়ারম্যানকে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে প্রধানমন্ত্রীর নির্দেশের পরিপ্রেক্ষিতে চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।
সাবেক শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্ন বাংলাদেশের আহ্বান
প্রধানমন্ত্রী নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজও পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা এবং বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
এ ছাড়া ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, কলাবাগান স্টাফ কোয়ার্টার এবং আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
আজিমপুর সরকারি কোয়ার্টারের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে দুই সপ্তাহের সময়সীমা দেন তিনি।
মিরপুর-১০-এ হকারমুক্ত ফুটপাত পরিদর্শন
পরিদর্শনের একপর্যায়ে মিরপুর-১০ নম্বর এলাকায় হকারমুক্ত ফুটপাত ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন। ফুটপাতের ব্যবহার ও পথচারীদের চলাচলের পরিবেশ পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।
নাগরিক সেবা ও জনস্বাস্থ্যে গুরুত্বারোপ
আকস্মিক পরিদর্শনকালে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। নাগরিক সেবার মান উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রতিষ্ঠানগুলোর বাস্তব পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ঘাটতি দূর করার নির্দেশনার মধ্য দিয়ে নাগরিক সেবার মানোন্নয়নে সরকারের নজরদারির বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী।

