রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

কলাপাড়ায় পাখির মাংস দিয়ে মাদক পার্টির প্রস্তুতি, দুই যুবকের কারাদণ্ড

পটুয়াখালীর কলাপাড়ায় মাদক সেবন এবং ঘুঘু ও বকের মাংস দিয়ে পার্টির প্রস্তুতির অভিযোগে দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যার পর পৌর শহরের নাচনাপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কলাপাড়া ইউনিটের সদস্যরা।

দণ্ডপ্রাপ্ত দুই যুবক হলেন তানজিল (২১) ও সাইমুন মাতুব্বর (২৩)। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের পৃথক সাজা দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানান, শুক্রবার বিকেলে তানজিল ও সাইমুন পৌর শহরের বিভিন্ন স্থানে এয়ারগান দিয়ে পাঁচটি তিলা ঘুঘু ও একটি বক হত্যা করেন। পরে সন্ধ্যায় মাদক সেবনের পাশাপাশি এসব পাখির মাংস দিয়ে পার্টি করার উদ্দেশ্যে তাঁরা নাচনাপাড়া এলাকা থেকে রওনা দেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাঁদের গ্রেপ্তার করেন।

তিনি জানান, বন্যপ্রাণী হত্যা করার দায়ে তানজিলকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অন্যদিকে, সাইমুনের বিরুদ্ধে ইয়াবা সেবন এবং তাঁর কাছে ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়ার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অভিযানকালে কলাপাড়া বন বিভাগের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য এবং অ্যানিমেল লাভার্স পটুয়াখালীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও মাদক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন