সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে বালুবোঝাই ট্রাকে বিশেষ কৌশলে লুকিয়ে পরিবহনের সময় প্রায় ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে এয়ারপোর্ট থানাধীন অ্যাডভান্সার ওয়ার্ল্ডের সামনে সড়কে পরিচালিত চেকপোস্টে এসব পণ্য উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মো. নূর শাহীন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরের দিকে আসা একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-২০-২১২৫) থামার সংকেত দেওয়া হয়। তবে চালক পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করেন।
পরে পুলিশ ট্রাকটি আটক করে তল্লাশি চালায়। এ সময় ট্রাকে বহন করা বালুর নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে—
- ১০ বস্তা ভারতীয় জিরা (K.S. Gold Jeera)
- ৩৫ বস্তা হাইড অ্যান্ড সিক ব্ল্যাক বোরবন বিস্কুট
- ১১ বস্তা আমুল কুল কেশর ফ্লেভার জুস
- ৮ বস্তা ZAYCO ফুচকা
- ২ বস্তা PINKO ফুচকা
পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোর জেলার বাঘারপাড়া থানার মাঝিয়ালি গ্রামের মো. শামীম হোসেন (২৮) ও সামিম তরফদার (২৯)। দুজনই একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, জব্দ করা পণ্যগুলো অবৈধভাবে পরিবহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ১৯।
গ্রেপ্তার দুই ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

