সোনার বার, বিদেশি মদ, ডার্মাল ফিলার, স্কিন বুস্টার ইনজেকশন, গৌরি ক্রিম ও ব্যবহৃত ল্যাপটপ উদ্ধার
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং শাহজালালের ফরেন পোস্ট অফিসে দুই দিনে চারটি পৃথক অভিযান চালিয়ে সোনার বার, বিদেশি মদসহ বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। বৃহস্পতিবার ও শুক্রবার পরিচালিত এসব অভিযানে জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২২ লাখ ৮৭ হাজার টাকা।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে সিআইআইডি।
শাহ আমানত বিমানবন্দরে সোনার বার জব্দ
সিআইআইডির বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিটে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি১৪৮ ফ্লাইটের এক যাত্রীকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেলে নজরদারির আওতায় আনা হয়।
আবদুল্লাহ আল নোমান নামের ওই যাত্রী প্রথমে তাঁর কাছে ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার থাকার কথা জানান। পরে তাঁর শরীরে তল্লাশি চালিয়ে ১১৭ গ্রাম ওজনের একটি সোনার বার উদ্ধার করা হয়। জব্দ করা সোনার আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৬ হাজার টাকা।
শাহজালাল বিমানবন্দরে ৩০ লিটার বিদেশি মদ উদ্ধার
একই দিনে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক তৎপরতায় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩০ লিটার বিদেশি মদ জব্দ করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ১১টায় মুম্বাই থেকে আসা এয়ার ইন্ডিয়ার এআই২১৮৩ ফ্লাইটের এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ১৬ লিটার মদ পাওয়া যায়। এ ছাড়া বিমানবন্দরের শৌচাগারে পরিত্যক্ত অবস্থায় আরও সাড়ে ৭ লিটার এবং অপর দুই যাত্রীর কাছ থেকে সাড়ে ৬ লিটার মদ জব্দ করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা।
কলম্বোফেরত যাত্রীর ব্যাগে ডার্মাল ফিলার ও স্কিন বুস্টার
শুক্রবার বেলা ১১টা ১৩ মিনিটে কলম্বো থেকে আসা শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ইউএল১৮৯ ফ্লাইটের এক যাত্রীর ব্যাগ সন্দেহজনক মনে হওয়ায় সেটি স্ক্যান ও তল্লাশি করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।
এ সময় মো. রাকিব হোসেনের ব্যাগ থেকে চার ধরনের মোট ১৫৫টি ডার্মাল ফিলার ও স্কিন বুস্টার ইনজেকশন জব্দ করা হয়। এসব পণ্যের পরিমাণ ১৬১ মিলিলিটার এবং আনুমানিক বাজারমূল্য ৫৭ লাখ ৭৬ হাজার টাকা।
ডার্মাল ফিলার ও স্কিন বুস্টার সাধারণত ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়। মুখের বলিরেখা কমানো, ত্বকের সৌন্দর্য বৃদ্ধি, মুখের গঠনে পরিবর্তন আনা এবং ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করতে এসব পণ্য ব্যবহার করা হয়।
ফরেন পোস্ট অফিসে গৌরি ক্রিম ও ব্যবহৃত ল্যাপটপ জব্দ
এদিকে শুক্রবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়।
অভিযানে ৩৭ কার্টনে থাকা মোট ১ হাজার ১০৪ কেজি আমদানি নিষিদ্ধ গৌরি স্কিন হোয়াইটেনিং ক্রিম এবং ২৩টি আমদানি নিষিদ্ধ ব্যবহৃত কোর আইফাইভ ল্যাপটপ উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক মোট বাজারমূল্য ২ কোটি ৩৮ লাখ ৫ হাজার টাকা।
সিআইআইডি জানায়, দুই দিনে চারটি পৃথক অভিযানে জব্দ করা পণ্যের আনুমানিক মোট বাজারমূল্য ৩ কোটি ২২ লাখ ৮৭ হাজার টাকা।

