পথচারীদের সঙ্গে কথা বলে সুবিধা-অসুবিধার খোঁজ নিলেন তারেক রহমান, নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা
রাজধানীর মিরপুর-১০ এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
শনিবার সকালে প্রধানমন্ত্রী মিরপুর-১০ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব একেএম নাজমুল হক।
পথচারীদের চলাচলের সুবিধা যাচাই
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পথচারীদের কাছে জানতে চান, আগে হকারদের দখলে থাকা ফুটপাত উচ্ছেদের পর তাদের চলাচলে কতটা সুবিধা হয়েছে। বর্তমানে হাঁটাচলার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কি না, সে বিষয়েও তিনি খোঁজখবর নেন।
এ ছাড়া রাজধানীর ফুটপাত ও সড়ক ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষ কোনো ভোগান্তিতে পড়ছেন কি না, তা জানতে পথচারীদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় পথচারীরা তাঁদের অভিজ্ঞতা ও মতামত প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
ফুটপাতের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা
প্রধানমন্ত্রী রাজধানীর ফুটপাতগুলো পথচারীদের ব্যবহারের উপযোগী রাখা, সড়ক ও ফুটপাতের শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
তিনি বলেন, নগরীর ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য। তাই ফুটপাত দখলমুক্ত রেখে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা জরুরি।

