খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমকে ধারালো চাপাতি দিয়ে গুরুতর জখমের মামলার প্রধান আসামি ও পরিকল্পনাকারী মিরাজ ওরফে স্পিকার মিরাজ এবং তার সহযোগী ইব্রাহিমকে আটক করেছে এসআরবি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এসআরবি-৬ খুলনার সোনাডাঙা থানাধীন কলাবাগান এলাকা এবং খুলনা সদর থানাধীন টুটপাড়া এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৬ এর উপ-অধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম।
এসআরবি সূত্র জানায়, খুলনা জেলার সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলমকে ছিনতাইকালে চাপাতি দিয়ে গুরুতর জখমের ঘটনায় অভিযুক্ত মিরাজ ওরফে স্পিকার মিরাজ (৩৯) ও ইব্রাহিম গাজী (৪২)। স্পিকার মিরাজের বিরুদ্ধে কেএমপির খুলনার আড়ংঘাটা ও সদর থানায় গুরুতর আঘাতসহ চুরি ও ডাকাতির মামলা রয়েছে। ইব্রাহিম গাজীর বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
সূত্রমতে, গত ৯ অক্টোবর খুলনা জেলা পুলিশের সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক শাহ আলম (৪৩) খুলনা মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে দিয়ে রিকশায় করে পুলিশ ক্লাবে যাচ্ছিলেন। পথে তিনজন ছিনতাইকারী পথরোধ করে তার কাছে থাকা টাকা এবং মোবাইলফোন ছিনিয়ে নেয় এবং ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কবজির ওপরে কুপিয়ে জখম করে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে সিটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করানো হয়।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত এসআই (নিরস্ত্র) আওয়াল হোসেন বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়।
এসআরবি-৬ এর উপ-অধিনায়ক মেজর নাজমুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মিরাজ ও ইব্রাহিম ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

