শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

চা বাগানের ব্যবস্থাপককে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নে একটি চা বাগানের সহকারী ব্যবস্থাপককে কুপিয়ে ৭ লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ।

উপজেলার ভূজপুর ইউনিয়নের মির্জারহাট এলাকায় পঞ্চবটী চা বাগান এলাকায় বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের তথ্যানুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে কৃষি ব্যাংকের নারায়াণহাট শাখা থেকে ৭ লাখ ২০ হাজার টাকা তুলে ফেরার সময় বাগানের প্রবেশপথে ছিনতাইকারীর কবলে পড়েন চা বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল কান্তি দাশ। তাকে কুপিয়ে আহত করে ছিনতাইকারীরা। এ সময় তাকে রক্ষায় এগিয়ে গেলে ছিনতাইকারীদের হামলায় সামান্য আঘাত পান স্থানীয় পল্লী চিকিৎসক বাবুল কান্তি দাশও।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী) কাজী তারেক আজিজ বলেন, “ছিনতাইকারীরা ধারাল অস্ত্রের ভয় দেখিয়ে পঞ্চবটী চা বাগানের সহকারী ব্যবস্থাপকের টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তাকে জখম করে টাকার ব্যাগ নিয়ে তারা মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়।

“স্থানীয়রা আহত বাগান কর্মকর্তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তিনি চিকিৎসা নেন। পরে বিকেলে বাগান এলাকা থেকে ছিনতাইয়ের ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে আটক করে চা বাগানের শ্রমিকরা। আটক দুজন হলেন মুহাম্মদ আবু ও মুহাম্মদ জিহান “

স্থানীয়রা বলছেন, বিকালে ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করে চা বাগানের শ্রমিকরা। আটকদের আনতে গিয়ে তাদের বাধার মুখে পড়ে পুলিশ। শ্রমিকরা দাবি করে আটকদের তাদের হাতে তুলে দিতে হবে। তাদের বুঝিয়ে আটকদের পুলিশ নিয়ে আসার চেষ্টা করে। কিন্তু গ্রামের অন্য একদল আটকদের মধ্যে একজনকে নির্দোষ দাবি করে তাকে ছেড়ে দিতে বলে। পরে ধাওয়া দিয়ে তাদের সরিয়ে আটকদের থানায় নিয়ে যায় পুলিশ।

পুলিশ কর্মকর্তা কাজী তারেক আজিজ বলেন, “চা বাগানের শ্রমিকদের দাবি, আটক দুজনকে তাদের হাতে তুলে দিতে হবে। তারাই বিচার করবে। অনেক বুঝিয়ে তাদের কাছ থেকে আটকদের নিয়ে রওনা দেই।

“সে সময় গ্রামবাসী পথরোধ করে। তাদের দাবি আটকদের মধ্যে একজন নির্দোষ। তাকে ছেড়ে দিতে হবে। বুঝানোর চেষ্টা করেও কাজ না হওয়ায় ধাওয়া দিয়ে তাদের সরিয়ে আটকদের নিয়ে এসেছি।”

আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের কথা স্বীকার করেছে বলে দাবি করেন পুলিশ কর্মকর্তা কাজী তারেক আজিজ।

তিনি বলেন, “ছিনতাই করা টাকা উদ্ধার ও জড়িত বাকিদের আটকে কাজ চলছে “


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন