বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত সিএনজিচালক

রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণে মো. শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজিচালক আহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব আলম জানান, জাদুঘরের ১ নম্বর গেটের সামনে অজ্ঞাত ব্যক্তিরা দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হলে স্প্লিন্টারের আঘাতে পাশে থাকা সিএনজিচালক শাহীন আহত হন।

পরে পুলিশ তাঁকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।

এসআই মাহবুব আলম আরও জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে এবং হামলার উদ্দেশ্য কী, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

আহত শাহীন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের মৃত ভোলা শেখের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর যাত্রাবাড়ীর একটি সিএনজি গ্যারেজে থাকতেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন