সাত বছর বন্ধ থাকার পর পেয়ারাবাগ অংশে উন্নয়নকাজ চলতে আর বাধা নেই, আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশ
দীর্ঘ সাত বছর ধরে বন্ধ থাকা রাজধানীর মগবাজারের পেয়ারাবাগ অংশের এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং এর নিচে চার লেনবিশিষ্ট রেলপথের উন্নয়নকাজ পরিচালনার আইনি বাধা দূর হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতের এক আদেশের ফলে এ বাধা দূর হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
আজ আদালতের আদেশের পর বাসসকে তিনি এ তথ্য জানান।
অ্যাটর্নি জেনারেল বলেন, আপিল বিভাগের চেম্বার আদালতের সুস্পষ্ট নির্দেশনা হলো—এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং এর নিচে চার লেনবিশিষ্ট রেলপথের উন্নয়নকাজ চলতে থাকবে।
শুনানিতে রাষ্ট্রপক্ষে আইনজীবীরা
মামলাটিতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী। অপর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী নুরুল আমিন।
আদালতের এ আদেশের ফলে মগবাজারের পেয়ারাবাগ অংশে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও রেলপথের উন্নয়নকাজ এগিয়ে নেওয়ার আইনি পথ সুগম হলো।

