ম্যাচের আট সেকেন্ডের মাথায় বায়ার্ন মিউনিখের জালে বল পাঠিয়ে বুন্ডেসলিগার ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড গড়েছেন আউসবুর্কের রবিন ফেলহাওয়ার।
ঘরের মাঠে শনিবার বায়ার্ন গোলরক্ষক মানুয়েল নয়ারের মারাত্মক ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোলটি করেন ২৮ বছর বয়সি এই জার্মান ডিফেন্সিভ মিডফিল্ডার।
ডি-বক্সের বাইরে দাঁড়িয়ে ছিলেন নয়ার। কিক-অফ থেকে সতীর্থের পাস পেয়ে বল ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি বিশ্বকাপজয়ী গোলরক্ষক। ফেলহাওয়ারকে ছুটে আসতে দেখে এগিয়ে গিয়ে প্রতিপক্ষের মাথার ওপর দিয়ে বল তুলে দেওয়ার চেষ্টা করেন তিনি, কিন্তু বল লাগে ফেলহাওয়ারের গায়ে এবং বক্সে ঢুকে ফাঁকা জালে পাঠিয়ে দেন এই খেলোয়াড়।
জার্মানির শীর্ষ লিগে দ্রুততম গোলের আগের রেকর্ড ছিল ৯ সেকেন্ডে, যৌথভাবে কেভিন ফলান্ড ও কারিম বেলার্বির।
২০১৪ সালে বায়ার লেভারকুজেনের হয়ে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে রেকর্ডটি গড়েন বেলার্বি। পরের বছর বায়ার্নের বিপক্ষে হফেনহেইমের হয়ে সেই রেকর্ড স্পর্শ করেন ফলান্ড।
আউসবুর্কের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ম্যাচটি ২-২ ড্র করতে পারে বায়ার্ন মিউনিখ।

