অনুসরণ করুন:
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

শিশুদের অনলাইন নিরাপত্তায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রযুক্তিমন্ত্রীর

শিশুদের ডিজিটাল পরিবেশে নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা, অংশীজনদের যৌথ উদ্যোগ এবং আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলন বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

বৃহস্পতিবার রাশিয়ার মস্কোয় ‘Digital Childhood Without Borders: Best International Practices for Child Safety Online’ শীর্ষক Business IT Breakfast-এ বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে Global Digital Forum এবং Alliance for the Protection of Children in the Digital Environment-কে এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান তিনি।

মন্ত্রী বলেন, দ্রুত ডিজিটাল রূপান্তরের ফলে শিশুরা শিক্ষা ও বিকাশে অনলাইন জগতের সুযোগ নিচ্ছে। একই সঙ্গে তারা অনলাইন বুলিং, যৌন হয়রানি, তথ্য চুরি ও অন্যান্য ডিজিটাল ঝুঁকির মুখোমুখি হচ্ছে। শিশুদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা শুধু অভিভাবক বা শিক্ষকদের দায়িত্ব নয়; সরকার, অনলাইন প্ল্যাটফর্ম, প্রযুক্তি প্রতিষ্ঠান ও সুশীল সমাজসহ সব অংশীজনের সম্মিলিত দায়িত্ব।

তিনি বলেন, শিশুদের তথ্য সুরক্ষা ও অনলাইন শোষণ থেকে রক্ষায় বাংলাদেশ সংশ্লিষ্ট আইন ও আইনি কাঠামো শক্তিশালী করছে। তবে শুধু আইন দিয়ে এ চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়। আন্তর্জাতিক অভিজ্ঞতা, সর্বোত্তম অনুশীলন এবং কার্যকর সমাধান বিনিময়ও জরুরি।

প্রস্তাবিত Global Alliance to Protect Children in the Digital Environment-এর Joint Statement ও Terms of Reference-এর প্রতি বাংলাদেশের সমর্থন জানিয়ে ফকির মাহবুব আনাম বলেন, শিশুর সর্বোত্তম স্বার্থকে অগ্রাধিকার দেওয়া, সব অংশীজনের যৌথ দায়িত্ব নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে অভিজ্ঞতা বিনিময় এ উদ্যোগের গুরুত্বপূর্ণ ভিত্তি।

এশিয়া-প্যাসিফিকসহ বিভিন্ন অঞ্চলের ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করে বহুপক্ষীয় কাঠামো গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর বাস্তবতা ও অভিজ্ঞতা যেন বৈশ্বিক কৌশল প্রণয়নে প্রতিফলিত হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন মন্ত্রী।

তিনি Digital Childhood Safety Index এবং গবেষণা ও সর্বোত্তম অনুশীলন বিনিময়ের জন্য বিশেষ প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে শিশু, অভিভাবক ও শিক্ষকদের ডিজিটাল সাক্ষরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে তাল মিলিয়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন।

অনলাইন ক্ষতি থেকে শিশুদের সুরক্ষায় Global Alliance-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে মন্ত্রী বলেন, জাতীয় নীতি ও বৈশ্বিক সহযোগিতার মধ্যে সেতুবন্ধন তৈরিতে এ Alliance গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ফকির মাহবুব আনাম বলেন, জাতীয়তা নির্বিশেষে প্রতিটি শিশু যেন নিরাপদ, সৃজনশীল ও নির্ভয়ে ডিজিটাল জগৎ ব্যবহার করতে পারে—এমন ভবিষ্যৎ নির্মাণে বাংলাদেশ সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

আন্তর্জাতিক এ ফোরামে শতাধিক দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন