অনুসরণ করুন:
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

মাইক্রোসফট ,অ্যাডোবিসহ বড় আইটি প্রতিষ্ঠানের গ্রিন কার্ড প্রক্রিয়া স্থগিত যুক্তরাষ্ট্রে

স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ কর্মসংস্থান সনদ কর্মসূচি PERM-এ কয়েকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের অংশগ্রহণ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা জানান, মাইক্রোসফট, অ্যাডোবি, কগনিজ্যান্ট, ইনফোসিস, টাটা, উইপ্রো, এইচসিএল ও ক্যাপজেমিনিসহ বেশ কয়েকটি বড় আইটি প্রতিষ্ঠানকে এই কর্মসূচি থেকে সাময়িকভাবে বাদ দেওয়া হয়েছে।

মার্কিন প্রশাসন এ সিদ্ধান্তের পেছনে সম্ভাব্য অনিয়ম বা জালিয়াতির অভিযোগ এবং দেশীয় কর্মীদের নিয়োগকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়েছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, আমেরিকান প্রতিষ্ঠানগুলোকে যুক্তরাষ্ট্রের কর্মীদের নিয়োগে আরও গুরুত্ব দিতে হবে। শ্রমমন্ত্রী কিথ সোন্ডারলিং জানান, তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংশ্লিষ্ট নতুন কোনো PERM আবেদন গ্রহণ বা বর্তমানে প্রক্রিয়াধীন আবেদন এগিয়ে নেওয়া হবে না।

PERM হচ্ছে যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের একটি প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো নিয়োগকর্তাকে প্রমাণ করতে হয় যে নির্দিষ্ট পদের জন্য যোগ্য, আগ্রহী ও কাজটি গ্রহণে প্রস্তুত কোনো মার্কিন কর্মী পাওয়া যাচ্ছে না। এই সনদ সাধারণত কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনের গুরুত্বপূর্ণ ধাপ।

মার্কিন প্রশাসনের নতুন সিদ্ধান্তের ফলে এসব প্রতিষ্ঠানে কর্মরত বা চাকরির প্রস্তাব পাওয়া দক্ষ বিদেশি কর্মীদের স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকার প্রক্রিয়া প্রভাবিত হতে পারে।

এদিকে একই সময়ে হার্ভার্ড, ইয়েল ও স্ট্যানফোর্ডসহ নয়টি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেও তদন্তের ঘোষণা দেওয়া হয়েছে। বিদেশি শিক্ষার্থীদের মাধ্যমে মার্কিন কর্মীদের মজুরি কমিয়ে দেওয়া বা বিদেশি প্রভাবের কারণে গবেষণা কার্যক্রম ঝুঁকিতে পড়ছে কি না, তা খতিয়ে দেখা হবে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।

মার্কিন শ্রম বিভাগের কর্মকর্তারা বলেছেন, বিদেশি কর্মী নিয়োগ ও ভিসা ব্যবস্থার অপব্যবহার হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: রয়টার্স।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন