অনুসরণ করুন:
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

দেশে প্রথমবার সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম

দেশের সরকারি ঋণ ব্যবস্থাপনায় প্রথমবারের মতো সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে মেয়াদপূর্তির আগেই বাজার থেকে সরকারের বিদ্যমান ট্রেজারি বন্ড পুনঃক্রয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। সরকারি ঋণ ব্যবস্থাপনাকে আরও আধুনিক, সক্রিয় ও বাজারভিত্তিক করার ক্ষেত্রে এটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে অর্থ মন্ত্রণালয়।

আজ অর্থ বিভাগের পক্ষে বাংলাদেশ ব্যাংক এ পুনঃক্রয় নিলাম পরিচালনা করে। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি সিকিউরিটিজ পুনঃক্রয় সরকারি ঋণ ব্যবস্থাপনার একটি আধুনিক ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি। এ ব্যবস্থার আওতায় সরকারি সিকিউরিটিজের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই বাজার থেকে তা কিনে নেওয়ার সুযোগ থাকে। ফলে সরকারের ঋণ পরিশোধের সময়সূচি আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হয়।

সংশ্লিষ্টদের মতে, ট্রেজারি বন্ড পুনঃক্রয়ের মাধ্যমে সরকারি ঋণের মেয়াদপূর্তিতে এককালীন বড় অঙ্কের অর্থ পরিশোধের চাপ কমানো সম্ভব হবে। একই সঙ্গে ভবিষ্যতে ঋণ পুনঃঅর্থায়নের ক্ষেত্রে যে ঝুঁকি তৈরি হতে পারে, তা ব্যবস্থাপনার সুযোগ বাড়বে। পাশাপাশি সরকারের ঋণ পরিশোধের সময়সূচি আরও সুষম ও ভারসাম্যপূর্ণভাবে সাজানো সম্ভব হবে।

অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমবারের মতো সরকারি সিকিউরিটিজ পুনঃক্রয় কার্যক্রম পরিচালনা সরকারি ঋণ ব্যবস্থাপনাকে আরও সক্রিয়, আধুনিক ও বাজারভিত্তিক করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে সরকারি ঋণের ব্যয় ও ঝুঁকির মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং ঋণের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে।

এ ছাড়া সরকারি ট্রেজারি বন্ডের বাজারকে আরও দক্ষ ও কার্যকর করার ক্ষেত্রেও পুনঃক্রয় নিলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাজারে সরকারি সিকিউরিটিজের সরবরাহ ও কাঠামো প্রয়োজন অনুযায়ী সমন্বয়ের সুযোগ তৈরি হওয়ায় ঋণ ব্যবস্থাপনার পাশাপাশি সরকারি সিকিউরিটিজের বাজার উন্নয়নেও এ উদ্যোগ সহায়ক হবে বলে মনে করছে অর্থ মন্ত্রণালয়।

সরকারের মধ্যমেয়াদি ঋণ ব্যবস্থাপনা কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতেও এ ধরনের পুনঃক্রয় কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে বাজার পরিস্থিতি, সরকারের নগদ অর্থের অবস্থান এবং সামগ্রিক ঋণ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা বিবেচনায় নেওয়া হবে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বাজারের তারল্য পরিস্থিতি, বিনিয়োগকারীদের চাহিদা এবং সরকারি ঋণের সামগ্রিক কাঠামো পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম আয়োজন করা হবে।

সরকারি ঋণ ব্যবস্থাপনায় এ নতুন পদ্ধতি চালুর ফলে একদিকে যেমন সরকারের ভবিষ্যৎ ঋণ পরিশোধের চাপ ও পুনঃঅর্থায়ন ঝুঁকি ব্যবস্থাপনায় অধিক নমনীয়তা তৈরি হবে, অন্যদিকে সরকারি সিকিউরিটিজের বাজারকে আরও উন্নত ও কার্যকর করার সুযোগ তৈরি হবে। অর্থ মন্ত্রণালয়ের চলমান ঋণ ব্যবস্থাপনা সংস্কারের ধারাবাহিকতায় প্রথম পুনঃক্রয় নিলামকে এ ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন