রবিবার, ৪ অক্টোবর ২০২৬

মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের

সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে ঢাকা।

রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা ও সংহতির কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মদিনার মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করে হামলা চালানো ইসলামের অন্যতম পবিত্র স্থানের মর্যাদার ওপর একটি অগ্রহণযোগ্য আক্রমণ।

বাংলাদেশ সরকার সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করে—এমন যেকোনো ধরনের আগ্রাসন বা আক্রমণাত্মক পদক্ষেপ বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।

সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনবিষয়ক জোটের পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৯ সেপ্টেম্বর মদিনার তাইবাহ বিদ্যুৎ বিতরণকেন্দ্রে একটি ড্রোন হামলা চালানো হয়। এতে একটি ট্রান্সফরমার অচল হয়ে গেলেও বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়েনি বলে জানানো হয়েছে। জোটটি হামলার জন্য হুথিদের দায়ী করেছে। তবে হুথি কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।

বাংলাদেশের বিবৃতিতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর যেকোনো ধরনের আগ্রাসনের নেতিবাচক প্রভাবের কথা তুলে ধরে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে।

মদিনা ইসলামের অন্যতম পবিত্র নগরী এবং মসজিদে নববীর অবস্থান হওয়ায় সেখানে গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনায় হামলার ঘটনায় বিভিন্ন মহলে উদ্বেগ ও নিন্দা জানানো হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন