রবিবার, ৪ অক্টোবর ২০২৬

রাশিয়ার ২০২৭ বাজেটে বাড়ছে প্রতিরক্ষা ব্যয়, কমছে শিক্ষা খাতে বরাদ্দ

৩ অক্টোবর ২০২৬ 

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে সামরিক ব্যয় আরও বাড়ানোর পরিকল্পনা করছে রাশিয়া। দেশটির ২০২৭ সালের খসড়া বাজেট অনুযায়ী, প্রতিরক্ষা খাতে রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। একই সময়ে শিক্ষা ও সামাজিক কর্মসূচিসহ কয়েকটি খাতে ব্যয় কমানোর পরিকল্পনা রয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালে রাশিয়ার প্রতিরক্ষা খাতে প্রায় ১৭ দশমিক ১ ট্রিলিয়ন রুবল ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে, যা প্রায় ২০৪ বিলিয়ন মার্কিন ডলারের সমান। আগের পূর্বাভাসের তুলনায় এই বরাদ্দ প্রায় ২৬ শতাংশ বেশি।

খসড়া বাজেটের হিসাবে, আগামী বছর রাশিয়ার মোট সরকারি ব্যয়ের এক-তৃতীয়াংশেরও বেশি প্রতিরক্ষা খাতে চলে যেতে পারে। এমনকি স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক কল্যাণ—এই তিন খাতের সম্মিলিত বরাদ্দের তুলনাতেও প্রতিরক্ষা ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাশিয়ার সামরিক ব্যয় ২০২৮ ও ২০২৯ সালেও তুলনামূলকভাবে উচ্চ পর্যায়ে রাখার পরিকল্পনা রয়েছে। তবে দেশটির প্রতিরক্ষা খাতের প্রকৃত ব্যয়ের একটি বড় অংশ গোপন থাকায় প্রকাশিত বাজেটের পরিমাণই চূড়ান্ত ব্যয়ের পুরো চিত্র তুলে ধরে না বলে বিশ্লেষকদের মত।

ইউরোপিয়ান পলিসি অ্যানালাইসিস সেন্টারের গবেষক আলেকজান্ডার ক্লোনিয়েস্কের মতে, প্রকাশিত পরিসংখ্যান মূলত অর্থ মন্ত্রণালয় ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে বাজেট নিয়ে আলোচনার প্রাথমিক প্রস্তাবের অংশ। ফলে চূড়ান্ত বাজেটে কিছু পরিবর্তন আসতে পারে।

এদিকে, রাশিয়ার অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ খসড়া বাজেট উপস্থাপনের সময় সামাজিক কল্যাণ ও প্রতিরক্ষা—দুই খাতকেই সরকারের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন। তবে পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে স্বাস্থ্য ও শিক্ষা খাতে আগের মূল পরিকল্পনার তুলনায় ৫ শতাংশের বেশি বরাদ্দ কমতে পারে। সামাজিক কর্মসূচিতেও বরাদ্দ প্রায় ৬ শতাংশের বেশি কমানোর প্রস্তাব রয়েছে।

এতে ইউক্রেন যুদ্ধের ব্যয় সামলাতে রাশিয়ার বাজেটের অগ্রাধিকারে সামরিক খাত আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন