জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আগত বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজনে নিউইয়র্কে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। এতে জাতিসংঘের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীরা অংশ নেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর শুরু হয়েছে। এবারের অধিবেশনের সাধারণ বিতর্কের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘Restoring Trust, Managing Transformation: A United Nations that Delivers for All’।
নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগে একই দিন তিনি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে দেওয়া প্রাতঃরাশেও অংশ নেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। নিউইয়র্ক সফরকালে তিনি বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।
আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এটি জাতিসংঘ সাধারণ পরিষদে সরকারপ্রধান হিসেবে তাঁর প্রথম ভাষণ।
জাতিসংঘের এবারের অধিবেশনকে ঘিরে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বিশ্বনেতাদের মধ্যে আলোচনা ও মতবিনিময় হচ্ছে। এ সফরের মাধ্যমে বাংলাদেশও এসব বৈশ্বিক আলোচনায় নিজেদের অগ্রাধিকার ও অবস্থান তুলে ধরার সুযোগ পাচ্ছে।

