মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

পুলিশের সক্ষমতা বাড়াতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-ইইউ আলোচনা

আইজিপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক; সাইবার অপরাধ, ফরেনসিক, মানবপাচার ও প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ে গুরুত্ব

বাংলাদেশ পুলিশের প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে মাইকেল মিলারের নেতৃত্বে ইইউর তিন সদস্যের একটি প্রতিনিধিদল আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

বৈঠকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর পুলিশিং, তদন্ত ও ফরেনসিক সক্ষমতা বৃদ্ধি এবং সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া তথ্য বিনিময় ও আইনগত সহযোগিতা, সন্ত্রাসবাদ মোকাবিলা, মানবপাচার প্রতিরোধ, ভিকটিম সুরক্ষা এবং জেন্ডার-সংবেদনশীল পুলিশিংয়ের বিষয়ও আলোচনায় গুরুত্ব পায়।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, বৈঠকে বাংলাদেশ পুলিশকে আরও আধুনিক, পেশাদার, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে ইউরোপীয় ইউনিয়নের কারিগরি সহায়তা ও দক্ষতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিশেষজ্ঞ বিনিময়, প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর এবং প্রাতিষ্ঠানিক পরামর্শের মাধ্যমে পুলিশের দীর্ঘমেয়াদি ও টেকসই সক্ষমতা বাড়ানোর সম্ভাব্য ক্ষেত্র নিয়েও দুই পক্ষ আলোচনা করে। ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতার পরিধি আরও সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

বৈঠকে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন