মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বীর মুক্তিযোদ্ধা সালাম পারভেজ ফকিরের জানাজা-দাফন সম্পন্ন

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের চাচা বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব সালাম পারভেজ ফকিরের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) টাঙ্গাইলের ভূঞাপুরে তার জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

বাদ জোহর ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের নিকরাইল পলশিয়া রানী দিনমণি উচ্চ বিদ্যালয় মাঠে সালাম পারভেজ ফকিরের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নিকরাইলের নলুয়া কবরস্থানে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত স্থানে তাকে দাফন করা হয়।

এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় ফুলেল শ্রদ্ধা নিবেদন ও গার্ড অব অনার প্রদান করা হয়।

জানাজার আগে মরহুমের স্মৃতিচারণ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, সালাম পারভেজ ফকির তার চাচা হলেও বন্ধুর মতো ছিলেন। মুক্তিযুদ্ধে তার অবদানের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, বাল্যকাল থেকে তারা একসঙ্গে বড় হয়েছেন এবং তার সঙ্গে শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তিনি মরহুমের আত্মার মাগফেরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

জানাজায় টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম রেজাউল করিম, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিপুলসংখ্যক সাধারণ মানুষ জানাজায় অংশ নেন।

উল্লেখ্য, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ সেপ্টেম্বর মারা যান সালাম পারভেজ ফকির। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন